রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণে আক্তার হোসেন নামে এক পথচারী আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। এতে এক পথচারী সামান্য আহত হয়েছেন।
কারা এবং কীভাবে এ ঘটনা ঘটিয়েছে, জানতে চাইলে ওসি বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল, রিকশা নাকি প্রাইভেটকারে এসে ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের একটি দল কাজ করছে।
পুলিশের জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের ক্রাইম সিন ইউনিট সেখানে গিয়ে আলামত সংগ্রহ করে।










