Ajker Patrika

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ৩ দিনের ঈদ উৎসব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ৩ দিনের ঈদ উৎসব
ছবি: সংগৃহীত

রাজধানীতে নাগরিক উদ্যোগে এবার তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হচ্ছে। ঈদের দিন বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি চাঁদরাতে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক আয়োজন এবং ঈদের পরদিন ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে।

এই আয়োজন বাস্তবায়নে ক্রাউড ফান্ডিং অর্থাৎ সাধারণ মানুষের আর্থিক সহযোগিতা নেওয়া হবে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল সংবাদ সম্মেলনে ঈদ আনন্দ মিছিল-২০২৬ উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে এসব কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিন দিনের ঈদ উৎসব সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, প্রায় ৫০০ বছর আগে এই অঞ্চলে ঈদের মিছিল ছিল একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক উৎসবের প্রতীক। সুলতানি আমল থেকে শুরু করে মোগল আমলেও ঈদের দিন বর্ণাঢ্য মিছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠেছিল। হাতি, ঘোড়া ও নানা বাদ্যযন্ত্রের সুরে ঈদের মিছিল তখন নাগরিক জীবনের প্রাণবন্ত উৎসব হিসেবে উদ্‌যাপিত হতো।

আসিফ মাহমুদ জানান, গত বছর রাজধানীতে ঈদের মিছিলে বিপুল মানুষের অংশগ্রহণ ছিল। শহরের বিভিন্ন সড়ক দিয়ে মিছিল অতিক্রম করার সময় পথচারীরাও স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেয়। শিশু, তরুণ ও প্রবীণ—সব বয়সী মানুষ রাস্তায় নেমে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করে, ফলে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।

এই ধারাবাহিকতায় এবার ঈদকে কেন্দ্র করে তিন দিনব্যাপী উৎসব আয়োজন করা হচ্ছে বলে জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, কর্মসূচির অংশ হিসেবে চাঁদরাতে রাজধানীর রবীন্দ্র সরোবরে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। সেখানে ঈদের গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনা থাকবে এবং ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এতে অংশ নিতে পারবেন।

এ ছাড়া ঈদের দিন সকাল ১০টায় জাতীয় ঈদগাহের সামনে (হাইকোর্ট প্রাঙ্গণ) থেকে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল শুরু হবে। ঈদের নামাজের পর রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নাগরিক উদ্যোগে ছোট ছোট মিছিল নিয়ে মানুষ সেখানে জড়ো হবেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। শিশু-কিশোরদের আকৃষ্ট করতে মিছিলের একটি বড় অংশে ‘কিডস জোন’ রাখা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহ্য অনুযায়ী মিছিলে ঐতিহাসিক চরিত্রের উপস্থিতি, প্ল্যাকার্ড, হাতি-ঘোড়ার গাড়িসহ নানা আয়োজন থাকবে। ঈদের পরদিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঘুড়ি উৎসব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

অস্ট্রেলিয়ার হোটেল থেকে পালান ৫ ইরানি নারী ফুটবলার, ফেঁসে যান একজন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত