Ajker Patrika

শাহজাহানপুরে এসটিএসের সৌন্দর্যবর্ধন কাজ শুরু ডিএসসিসির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
শাহজাহানপুরে এসটিএসের সৌন্দর্যবর্ধন কাজ শুরু ডিএসসিসির
সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তর শাহজাহানপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ সোমবার আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কাজের উদ্বোধন করেন। এ সময় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণের বিষয়ে আবদুস সালাম বলেন, তাঁদের জন্য চার লাখ টাকা করে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করা গেলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও কমানো সম্ভব হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজেদের অভ্যাসের পরিবর্তন ও সচেতনতার মাধ্যমে নগরীর পরিবেশ উন্নত করা সম্ভব।

অনুষ্ঠান শেষে ডিএসসিসি, হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও স্বাস্থ্যঝুঁকি কমাতে তাঁদের সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন এবং হাই-ভিজিবিলিটি ভেস্ট দেওয়া হয়।

ডিএসসিসি প্রশাসক জানান, এসব উপকরণ পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, এর আগে ডিএসসিসির উদ্যোগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পলাশী এলাকার এসটিএস আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত