খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেফ অ্যাগ্রো ফুড অ্যাফোর্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষকের ক্ষতি বাড়লেও প্রয়োজনীয় প্রস্তুতি, গবেষণা ও বিনিয়োগে ঘাটতি রয়েছে। অনেক অপ্রত্যাশিত দুর্যোগ কৃষকের সারা বছরের পরিশ্রম নষ্ট করে দিচ্ছে। এতে খাদ্যনিরাপত্তায় ঝুঁকি তৈরি হচ্ছে।’
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১) উপলক্ষে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক বলেন, ‘আমাদের খাদ্য উৎপাদনের ভিত্তি হচ্ছে কৃষি। কিন্তু কৃষিকে সব সময় অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে যখনই ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, তখনই কৃষক নতুন সংকটের মুখে পড়ছেন। অথচ এ ক্ষতি মোকাবিলায় যে ধরনের প্রস্তুতি, গবেষণা ও বিনিয়োগ প্রয়োজন, তা পর্যাপ্ত নয়।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপকূলীয় জীবিকা ও পরিবেশ সুরক্ষা নেটওয়ার্কের (ক্লিন) পলিসি উপদেষ্টা বেনজির আহমেদ বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিন ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু ওই দিনের আলোচনা থেকে কৃষকের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান প্রমুখ।










