Ajker Patrika

গুলশান শপিং সেন্টারের নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি দোকানমালিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১: ০০
গুলশান শপিং সেন্টারের নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি দোকানমালিকদের
সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। ছবি: আজকের পত্রিকা

গুলশান শপিং সেন্টারের নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। চার পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি বাস্তবায়ন এবং চুক্তির শর্ত অনুযায়ী দোকান বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে আদালত ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন দোকান মালিকেরা।

আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান গুলশান শপিং সেন্টার দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. হাম্মাদুর রহমান। এ সময় সমিতির সেক্রেটারি আবদুল গফর মণ্ডল, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান ও যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

সমঝোতা চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে মার্কেট পুনর্নির্মাণ করে দোকান মালিকদের বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় চার বছর পার হতে চললেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে দোকান মালিক সমিতি।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭৪ সালে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গুলশান শপিং সেন্টারের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়। ওই জমি ১৯৭৫ সালে রেজিস্ট্রি করা হয়। বরাদ্দগ্রহীতা প্রয়াত আহমেদ ফজলুর রহমান ১৯৭৭-৭৮ সালে দোকান মালিকদের কাছে দোকান বিক্রি করে পজিশন দলিল ও দখল হস্তান্তর করা হয়। ২০০৬ সালে বরাদ্দগ্রহীতার উত্তরসূরি আহমেদ ফয়জুর রহমান শপিং সেন্টারটি পুনর্নির্মাণের জন্য শান্তা হোল্ডিংস লিমিটেডের সঙ্গে চুক্তি করেন।

তবে এর বিরোধিতা করে দোকান মালিকরা বিভিন্ন আদালতে মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর ২০২১ সালে ভূমির মালিক, ডেভেলপার শান্তা হোল্ডিংস লিমিটেড ও দোকান মালিক সমিতিসহ চার পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, চুক্তির শর্ত অনুযায়ী নতুন ভবন নির্মাণের জন্য ২০২৩ সালে দোকান মালিকরা মার্কেট সম্পূর্ণ খালি করে দখল হস্তান্তর করেন। চুক্তিতে তিন বছরের মধ্যে পুনরায় নির্মাণকাজ শেষ করে মালিকদের দোকান বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হতে চললেও নির্মাণকাজ শুরু হয়নি বলে অভিযোগ করেছে সমিতি। এ সময় চুক্তির শর্ত বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মালিক সমিতির নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত