কেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীরকে (৩৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি)। জাহাঙ্গীর কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। মামলার প্রধান আসামি কলাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম আদালতের চেয়ারম্যান আওয়াল শিকদারসহ আট আসামি পলাতক।
আজ সোমবার বিকেলে কেরানীগঞ্জের খাড়াকান্দি বাজার এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্য আসামিরা পালিয়ে যান বলে জানিয়েছে এসআরবি-১০।
মামলার তদন্ত প্রতিবেদন ও আদালতের নথি সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের তারানগর এলাকার বাসিন্দা তাজুল ইসলাম মামলাটি করেন। মামলায় কলাতিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান আওয়াল শিকদারকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, খাড়াকান্দি এলাকায় বাদীর মালিকানাধীন জমি দখলের চেষ্টা ও সেখানে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে জমির মালিকানা দাবি করে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং জমিতে নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ থেকে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে আসামিদের কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
মামলার নামীয় নয় আসামি হলেন আওয়াল শিকদার, জাহাঙ্গীর, নাসির উদ্দিন, মহিউদ্দিন মিলন, হৃদয়, দিপু, সজিব, হৃদয় শিকদার ও আমিনুর। তাঁদের সবার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এসআরবি-১০ কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, এসআরবি-১০ একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।









