ডিসেম্বরে শুরু হচ্ছে ডিএসসিসি ফুটবল কাপ, থাকছে নারী টুর্নামেন্টও

তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং রাজধানীতে ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে আয়োজন করা হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নগরভবন অডিটরিয়ামে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
পরিকল্পনা অনুযায়ী, ডিএসসিসি এলাকার ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে মূল প্রতিযোগিতা আয়োজন করা হবে। পাশাপাশি নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নির্দিষ্ট বয়সসীমার স্কুলছাত্রীদের নিয়ে আলাদা নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকেরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্ট উদ্বোধনের পরিকল্পনা করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি, কনসার্টসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন, খেলোয়াড় বাছাই, দলগুলোর গ্রুপিং ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। দল গঠনে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি দলে বহিরাগত খেলোয়াড়ের সংখ্যা নীতিমালার মাধ্যমে নির্ধারণ করা হবে।
সভায় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি করপোরেশন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে মাঠমুখী হবেন। একই সঙ্গে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও সামাজিক সম্প্রীতি জোরদার হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।









