Ajker Patrika

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ গ্রেপ্তার ১৭

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ গ্রেপ্তার ১৭
কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও গ্রেপ্তারকৃতরা। ছবি: সংগৃহীত

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়ার অভিযোগে কাইয়ুমসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের শনাক্ত করার পর এ অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে কার্যক্রম নিষিদ্ধঘোষিত কুমিল্লা মহানগর ছাত্রলীগের ব্যানারে সংগঠনটির কয়েকজন সদস্য একত্র হয়ে ঝটিকা মিছিল করেন। প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী মিছিলটি শেষ হওয়ার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।

পরে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত কাইয়ুম এবং অংশগ্রহণকারী হিসেবে শনাক্ত আজিজুর রহমান নিরব, জামিল ইসলামসহ ১৭ জনকে গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামিল ইসলাম অন্তর (২০) কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ পূর্বপাড়ার বাসিন্দা। অন্যদিকে, কাইয়ুম আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাওয়ালপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জাকির হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত