কুমিল্লায় স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, আজ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর। পরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বিকেলে চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর তাঁর স্ত্রী মারিয়া আক্তারের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। মারিয়া ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরে থাকা একটি চেয়ার দিয়ে তাঁকে আঘাত করেন। এতে তাঁর হাত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মারিয়া আক্তারের মা রহিমা বেগম বাদী হয়ে ২০২৫ সালের ২ নভেম্বর ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে চলতি বছরের ২১ সেপ্টেম্বর আদালত চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সাইফুল ইসলাম আলাউল আকবর ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।









