
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আহামুদ্দিন সরকার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এই সংযোগ সড়কটি ফতেহাবাদ ইউনিয়নের আসানপুর সড়ক হয়ে সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার সড়কের সঙ্গে যুক্ত। কিন্তু জয়পুর গ্রামের আজিজ সরকার বাড়ির পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. শামমিয়া সানু মেম্বারের দাবি, সড়কটি তাঁর ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে নির্মাণ হচ্ছে এবং সড়কের জন্য আরও অতিরিক্ত জমি নেওয়ার প্রয়োজন হলে তা-ও দিতে তিনি রাজি। কারণ, সড়কের দুই পাশের জমির মালিক সানু নিজেই, তবে বাড়ির দেয়াল ভেঙে নয়।
শামমিয়া সানু বলেন, ‘দুজন ব্যক্তি আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। আমি চাঁদা না দেওয়ায় তাঁরা এলাকার লোকজন এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে আমার সম্মানহানি করেছেন।’
শামমিয়া সানু বলেন, ‘সড়কের উত্তর পাশে আমার ২ শতক ৬০ পয়েন্ট জমি রয়েছে; যা পারিবারিক বিরোধের কারণে অন্যের দখল হয়ে আছে। বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতে অভিযুক্তরা হাজির হয়ে জমি ছেড়ে দেওয়ার অঙ্গীকার করলেও তাঁর দখল ছাড়ছেন না।’
এদিকে শামমিয়া সানুর চাচাতো ভাই অরুন সরকারের অভিযোগ, ‘তথ্য গোপন করে তাঁদের পারিবারিক এজমালি সম্পত্তি থেকে মফিজুল ইসলামের সঙ্গে সানু মেম্বার আমার এবং তাঁর ভাই খালেক সরকারের বাড়ির সামনের সাড়ে ৪ শতক জমি বিনিময় দলিল করে সমস্যা সৃষ্টি করেছেন। ওই ঘটনায় আমাদের দুই পরিবারের নারী-পুরুষসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা করেছেন।’
স্থানীয় বাসিন্দা ও প্রবাসী সুলতান আহমেদসহ কয়েকজন অভিযোগ করেন, সানু মেম্বারের বাড়ির দেয়াল ভেঙে দিলে সড়কটি সোজা ও সুন্দর করা সম্ভব। দেয়াল না ভাঙায় উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে।
সড়ক সংস্কারে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান এন্টার প্রাইজ লিমিটেড’-এর স্বত্বাধিকারী মো. সফিউল্লাহ বলেন, ‘জয়পুর সড়ক সংস্কারকাজটি ১০ ফুট প্রশস্ত ও ৮৩৭ মিটার দৈর্ঘ্য। প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লাখ টাকা। সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় জায়গা রয়েছে, স্থানীয় কিছু লোক আমার ওপর চাপ প্রয়োগ করছেন, সানু মেম্বারের বাড়ির দেয়াল ভেঙে সোজা করে সড়ক সংস্কার করতে। তবে জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় হস্তক্ষেপ করতে পারছি না।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের কারণেই সড়ক সংস্কারকাজ আটকে আছে। জমিসংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন এবং বিতর্কিত জায়গাটি খাসজমি নয়, ব্যক্তিমালিকানাধীন। জমির মালিক ও স্থানীয়রা সমঝোতায় গেলে সড়ক সংস্কারে কোনো সমস্যা থাকার কথা নয়।

ডিঙাপোতা হাওরের বুক চিরে একসময় নীরবে বয়ে চলত একটি নদ। নাম দেওরাজান। আজ সেই নদের বুকে আর ঢেউ খেলে না, পানির কলকল ধ্বনিও শোনা যায় না। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজারের পূর্বপাশে দাঁড়িয়ে নদটির দিকে তাকালে এখন চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চার জেলায় আসন ২৪টি। এগুলোর মধ্যে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুতে সেখানে স্থগিত করা হয়েছে ভোট গ্রহণ। বাকি ২৩টি আসনে জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রচার।
১ ঘণ্টা আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
২ ঘণ্টা আগে
যশোরের ঝিকরগাছায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের। তাঁরা বলছেন, পাইকারি বাজারে আলুর দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়ছেন তাঁরা। বিঘাপ্রতি আলু চাষে ৫-৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে