Ajker Patrika

দেবিদ্বারে জুট মিলের ১৩ হাজার কেজি যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেপ্তার ৮

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি। 
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৯
দেবিদ্বারে জুট মিলের ১৩ হাজার কেজি যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেপ্তার ৮
যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংক পিএলসির কাছে বন্ধক রাখা উষা জুট স্পিনার্স লিমিটেডের প্রায় ১৩ হাজার কেজি যন্ত্রাংশ পাচারের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় দুই ট্রাকভর্তি ১২ হাজার ৯৫৫ কেজি স্পিনিং মেশিনের যন্ত্রাংশ ও মালামাল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের আসাদনগর এলাকায় উষা জুট স্পিনার্স লিমিটেডের ভেতরে এ ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে সোনালী ব্যাংক পিএলসির ঢাকা স্থানীয় কার্যালয়ের কর্মকর্তা মো. সোহেল রানা বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ১২ জন এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. রনি (২০), সহকারী ইয়াকুব মুন্সি (১৯), চালকের সহযোগী সুলতান (৩৪), অপর ট্রাকের চালক শাহ আলম (৩২), সহকারী আরাফাত (১৮) এবং পাচারকাজে সহযোগিতার অভিযোগে ফরহাদ হোসেন (৫০), মো. মকবুল হোসেন (৭৪) ও মো. নুরুল আমিন (৩৭)।

মামলায় মিলের মালিকপক্ষের আবুল বাশার ও সায়রা হায়দারসহ অন্য আসামিদেরও অভিযুক্ত করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, সোনালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়, ঢাকার মামলাকৃত ও শ্রেণিকৃত ঋণগ্রহীতা প্রতিষ্ঠান উষা জুট স্পিনার্স লিমিটেডের বিরুদ্ধে অর্থঋণ আদালত আইন, ২০০৩ (সংশোধন ২০১০) অনুযায়ী ২০২৪ সালের ২০ মার্চ অর্থঋণ মামলা করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২২ সেপ্টেম্বর রাতে মিলের মালিকপক্ষ ব্যাংকের কাছে বন্ধক রাখা বিপুল পরিমাণ মালামাল ট্রাকে করে অন্যত্র নেওয়ার চেষ্টা করে।

চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় সুমনের ভাঙারি দোকানের সামনে জনতা মালামালসহ দুই ট্রাক আটক করে। খবর পেয়ে চান্দিনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি হেফাজতে নেয় এবং চালক ও সহযোগীদের আটক করে। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, একটি ট্রাক থেকে ৮ হাজার ৫৫ কেজি স্পিনিং মেশিনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আরেকটি ট্রাক থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ৯০০ কেজি স্পিনিং মেশিনের মোটর ও বিভিন্ন যন্ত্রাংশ। উদ্ধার করা মালামালের মোট ওজন ১২ হাজার ৯৫৫ কেজি।

মূল ঘটনাস্থল দেবিদ্বার থানা এলাকায় হওয়ায় চান্দিনা থানা-পুলিশ জব্দ করা ট্রাক, মালামাল ও আটক ব্যক্তিদের দেবিদ্বার থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার আট আসামিকে আদালতের হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত