
চট্টগ্রাম ওয়াসার প্রথম সুয়ারেজ প্রকল্পের কাজ চলছে। দ্বিতীয় সুয়ারেজ প্রকল্পও একনেকে অনুমোদিত হয়েছে। ‘চট্টগ্রাম সুয়ারেজ সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক দ্বিতীয় প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১৫২ কোটি ৫৬ লাখ টাকা। যার ২ হাজার ১৫৪ কোটি টাকাই খরচ হবে জমি অধিগ্রহণে।
জানা গেছে, গত ২৫ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় চট্টগ্রাম ওয়াসার দ্বিতীয় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। চট্টগ্রামের কালুরঘাটের হামিদচর এলাকায় প্রকল্পের মূল স্থাপনা অর্থাৎ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে। এর ধারণক্ষমতা হবে ৬০ হাজার ঘনমিটার। প্রকল্পের অধীনে প্রধান সুয়ারেজ লাইন নির্মাণ করা হবে ১১ কিলোমিটার, শাখা সুয়ারেজ লাইন ৭০ কিলোমিটার এবং সার্ভিস লাইন হবে ৭০ কিলোমিটার। প্রকল্পের আওতায় ৯৩২টি ম্যানহোল এবং গৃহসংযোগ ও ক্যাচপিট নির্মাণ হবে ১৪ হাজার করে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে জামালখান, চকবাজার, চান্দগাঁও, শুলকবহর, ষোলশহরসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা উপকৃত হবে। প্রকল্প বাস্তবায়নে জাপানের জাইকা, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসা যৌথভাবে অর্থায়ন করবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে জাইকা দেবে ৪ হাজার ১৪৪ কোটি টাকা, বাংলাদেশ সরকার ৯৬৯ কোটি টাকা ও চট্টগ্রাম ওয়াসা বহন করবে ৩৯ কোটি টাকা।
এ বিষয়ে নগরীর জামালখান এলাকার মোহাম্মদ আকবর বলেন, চট্টগ্রাম নগরীতে এখনো কোনো সুয়ারেজব্যবস্থা গড়ে ওঠেনি। এটা খুবই প্রয়োজনীয় নগরবাসীর জন্য। সুয়ারেজব্যবস্থা গড়ে উঠলে জনস্বাস্থ্যের যেমন উন্নয়ন হবে, তেমনি পরিবেশদূষণের হাত থেকেও রক্ষা পাবে নগরী।
এ বিষয়ে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. নুরুল আমিন জানান, চট্টগ্রাম ওয়াসার বড় এ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হবে ৭১ দশমিক ১১ একর জমি। এর মধ্যে ৭০ একর ব্যক্তিমালিকানাধীন এবং ১ একর খাস শ্রেণিভুক্ত। এ প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চলতি মাসের শেষ দিকে পাস হতে পারে। ভূমি অধিগ্রহণ ব্যয়ের ৪০ শতাংশ সরকার বহন করবে, বাকি ৬০ শতাংশ টাকা সরকার ওয়াসাকে ঋণ দেবে। ঋণের টাকা প্রকল্প শেষের পাঁচ বছর পর থেকে পরিশোধ করা শুরু হবে, যা ২৫ বছরে শোধ করা যাবে।
নুরুল আমিন বলেন, অনুমোদন হওয়া নতুন প্রকল্পের জন্য কনসালট্যান্ট নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর প্রকল্পের নকশা তৈরি ও দরপত্র আহ্বানসহ প্রয়োজনীয় কাজ শুরু হবে।
এদিকে চট্টগ্রাম ওয়াসার স্যানিটেশন ও ড্রেনেজ মাস্টারপ্ল্যানের আওতায় চট্টগ্রাম শহরকে ছয়টি ক্যাচমেন্ট এলাকায় ভাগ করা হয়। প্রণীত প্ল্যানের সুপারিশ অনুযায়ী ২০২২ সালের জানুয়ারি থেকে ওয়াসার প্রথম সুয়ারেজ প্রকল্পের (জোন-১) কাজ শুরু হয়। নগরীর হালিশহরে চট্টগ্রাম ওয়াসার ১৬৩ একর জমিতে প্রথম সুয়ারেজ প্রকল্প স্থাপন করা হচ্ছে। বাংলাদেশ সরকার ও ওয়াসার যৌথ অর্থায়নে বাস্তবায়নের পর নগরীর ২০ লাখ মানুষ এ সুয়ারেজের আওতায় আসবে। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ওয়াসার এটিই হচ্ছে প্রথম সুয়ারেজ প্রকল্প।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, এ প্রকল্পের কাজ ৫৮ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে দুই ভাগে চলছে প্রকল্পের কাজ। একটি হচ্ছে পাইপলাইন বসানো এবং অপরটি হালিশহরে ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ। শুরুতে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৮০৮ কোটি টাকা। এরপর আরও ৬০০ কোটি টাকা যোগ হচ্ছে এ প্রকল্পে। তবে চূড়ান্ত অনুমোদন এখনো পাওয়া যায়নি বলে জানান চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম।

পিরোজপুর সদর উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) ভোরে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা ও তেঁতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
২১ মিনিট আগে
গাইবান্ধা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (২৭) নামে এক মসজিদের খাদেম নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মোটরসাইকেলযোগে মসজিদে যাওয়ার পথে শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের প্রতারণার শিকার আটজন এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষাবর্ষ রক্ষা পেয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপে তাদের প্রবেশপত্র প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে দ্রুত প্রবেশপত্র বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের কাছে ধলাই নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে