
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের হাতে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা মুক্ত হন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রহনপুর রেলস্টেশনের পাশের কেডিসি বস্তিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ওই বস্তির আয়না নামে এক ব্যক্তির বাড়িতে নিয়মিত মাদকের কেনাবেচা চলে। সেখানে মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাপও চলে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় পথচারী ও বাইরে থেকে আসা লোকজনকে আটকে ভয়ভীতি দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন স্থানীয়রা।
চলতি আম মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আম ব্যবসায়ী ও ট্রাকচালকদের কয়েকজন সেখানে হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার, পতিতাবৃত্তিসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড চলে আসছে। এসব বিষয় পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও উপজেলা প্রশাসনকে দিনের পর দিন জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয়দের আরও অভিযোগ, মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে এলেও অভিযানের আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে খবর পৌঁছে যায়। ফলে তাঁরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সুযোগ পান। এতে নামমাত্র অভিযান পরিচালিত হয় বলে অভিযোগ তাঁদের। এ ছাড়া এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে নিয়মিত মাসিক আর্থিক সুবিধা নেওয়া হয় বলেও দাবি স্থানীয়দের। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয় বলে জানান তাঁরা। এরই জেরে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গেলে স্থানীয়দের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা ডিএনসি সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে উত্তেজিত স্থানীয়রা বিক্ষোভ মিছিল নিয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। একপর্যায়ে ইউএনওর হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হয়।
সেখানে ডিএনসি, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে প্রায় চার ঘণ্টা পর ডিএনসি সদস্যদের মুক্তি দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিএনসির সদস্যরা ওই এলাকায় গিয়েছিলেন। স্থানীয়দের সঙ্গে ভুল-বোঝাবুঝির কারণে সাময়িকভাবে পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিষয়টির সমাধান হয়েছে।

ডিআইজি বলেন, মাদক কারবারি, মাদকসেবী, ডিলার, গডফাদার, অর্থদাতা ও বিনিয়োগকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশে সংঘটিত অপরাধের অর্ধেকের বেশি আসামি কোনো না কোনোভাবে মাদক সেবনের সঙ্গে জড়িত। মানুষকে মাদক থেকে দূরে রাখতে পারলে অপরাধ অনেকাংশে কমে আসবে।
১২ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর আব্দুর রহমান (৫) নামের এক শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ধামসোনা ইউনিয়নের ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার একটি তিনতলা ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
৩০ মিনিট আগে
ভুক্তভোগী গৃহবধূ শাহানা আক্তার বলেন, ‘দুই অজ্ঞাত ব্যক্তি বাসায় ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে আমাকে বাথরুমে বন্দী করে রাখে। তখন আমার ছেলে স্কুলে থাকায় বাসায় একা ছিলাম। তারা আমার সন্তানকে বাসার নিচে জিম্মি করা হয়েছে বলে জানায়। এরপর ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যায় তারা দুজন।’
১ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, এর আগেও চুরির ঘটনায় নাইম গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় তিনি চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। জগৎপট্টি, জগন্নাথকাঠি ও শর্ষিনা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
২ ঘণ্টা আগে