চাঁদপুরের মতলব দক্ষিণে জনবল-সংকটে অচলাবস্থায় পড়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। স্থবির হয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কার্যক্রম।
পিআইও কার্যালয়ে সাধারণত পিআইও ছাড়াও উপসহকারী প্রকৌশলী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কার্যসহকারী ও অফিস সহায়ক থাকেন। মতলব দক্ষিণে শুধু পিআইও এবং সেতু প্রকল্পের একজন কার্যসহকারী পদায়ন আছেন। ফলে পিআইওকে একাই কার্যালয়ের দাপ্তরিক কাজ এবং বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করতে হয়। তিনি ও কার্যসহকারী প্রকল্প পরিদর্শনে বাইরে গেলে কার্যালয়ে তালা ঝোলে। এতে করে কার্যালয়ে আসা সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বর্তমানে মতলব দক্ষিণে দুটি বন্যা আশ্রয়কেন্দ্র, ২০টি সেতু ও ৪৩ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বীরনিবাস নির্মাণ প্রকল্প, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় অনেক কাজ চলমান রয়েছে। এ ছাড়া কম্বল, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ এবং জিআর কর্মসূচি আছে। এই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা খাতে চলতি অর্থবছরে ন্যূনতম ১৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ থেকে অফিস সহায়ক, ২০২২ থেকে উপসহকারী প্রকৌশলী ও ২০২৩ থেকে অফিস সহকারীর পদটি শূন্য রয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ে প্রকল্প তদারকে ব্যবহারের জন্য থাকা মোটরসাইকেলটিও অকেজো হয়ে পড়ে রয়েছে।
এ নিয়ে কথা হলে পিআইও মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘জনবল-সংকট থাকলেও এরই মধ্যে কর্মকাণ্ড চালিয়ে যেতে হচ্ছে। প্রকল্প মনিটরিং কাজ কিছুটা কষ্টকর হয়ে পড়েছে। সীমাবদ্ধতার মধ্যেও আমরা সঠিকভাবে প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট রয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, ‘জনবল-সংকটের বিষয়ে আমি গত মার্চ মাসে একটি স্মারকপত্রের মাধ্যমে শূন্য পদ পূরণের জন্য মহাপরিচালককে (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) অনুরোধ করেছি। আমার বিশ্বাস, কর্তৃপক্ষ এ বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কর্মসূচি সুষ্ঠু বাস্তবায়নে সচেষ্ট হবে।’
যোগাযোগ করা হলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান জানান, শুধু মতলব দক্ষিণ নয়, জেলা কার্যালয়েও জনবল-সংকট রয়েছে। ফলে বিভাগীয় কার্যক্রম তদারক করা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি তিনি মহাপরিচালককে অবহিত করেছেন।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে