
বরিশালে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স উদ্বোধনকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তির সক্ষমতা কোনো ভবন, মুঠোফোন কিংবা এর দামের ওপর নির্ভর করে না। প্রকৃত সক্ষমতা নির্ভর করে এর ব্যবহারিক মূল্যের ওপর। তথ্য কমপ্লেক্সের কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জ্ঞান আহরণের ক্ষেত্রে তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, একসময় সারা দেশে প্রায় ১ হাজার ১০০টি সিনেমা হল ছিল। বর্তমানে টিকে আছে মাত্র ১৪০টি। এর অন্যতম কারণ, বর্তমান সময়ে নির্মিত সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনের জন্য উপযোগী নয়। তথ্য কমপ্লেক্সে আধুনিক স্ক্রিনের সুবিধা থাকবে।
বরিশাল শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে তথ্য কমপ্লেক্সকে অন্যতম হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের মেগা প্রকল্পের মূল্য শুধু ভবন বা সড়ক নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত মূল্য নির্ধারিত হবে জনগণ কতটা উপকৃত হলো, তার ওপর।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, তথ্যপ্রযুক্তির যুগে জনগণের কাছে দ্রুত সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং গণমাধ্যমের সঙ্গে সরকারি সমন্বয় অত্যন্ত জরুরি। এই কমপ্লেক্স নির্মিত হওয়ায় বরিশাল বিভাগের তথ্যসেবা আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের জন্য আধুনিক কর্মপরিবেশ তৈরি হবে।
তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
প্রসঙ্গত, ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাততলা বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর আজ রোববার নগরের সিন্ডবি রোডের কাশিপুর এলাকায় ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

সেশনজট নিরসনসহ পাঁচ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা।
২৩ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় অটোরিকশাচালক ছিদ্দিক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নয়ারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে রোববার কারাগারে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা-পুলিশ। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি টুঙ্গিপাড়ায় সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে ১২ টির বেশি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি হাফিজুর।
৩২ মিনিট আগে
রংপুর নগরীর পূর্ব শালবন এলাকা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে একটি ছাত্রীনিবাসের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি নোটও উদ্ধার করেছে পুলিশ।
৩৫ মিনিট আগে