Ajker Patrika

মাদক বিক্রি ও সেবনে নিষেধ করায় দুই নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি 
মাদক বিক্রি ও সেবনে নিষেধ করায় দুই নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম
নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে নিষেধ করায় দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মাকড়াইল গ্রামের খাইরুল সিকদার (৪০) ও তাঁর স্ত্রী মুক্তা বেগম (৩৬); খাইরুলের তিন ভাই জামিরুল সিকদার (৩৫), রেজাউল সিকদার (৩০) ও ইকরামুল সিকদার (২৪) এবং তাঁদের মা কুলসুম বেগম (৫৫)।

আহত খাইরুল সিকদার জানান, একই গ্রামের রুহুল সিকদারের ছেলে জুয়েল সিকদার দীর্ঘদিন ধরে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত সপ্তাহে জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর ভাইদের হত্যার হুমকি দেওয়া হয়। গতকাল শনিবার রাতে খাইরুল ও তাঁর তিন ভাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জুয়েল সিকদারসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করেন তিনি।

খাইরুল সিকদার আরও জানান, তাঁর স্ত্রী মুক্তা বেগম ও মা কুলসুম বেগম তাঁকে বাঁচাতে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জুয়েল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত