
রৌদ্রের খরতাপ কমে এসেছে। পশ্চিমে হেলে পড়েছে সূর্য। অমর একুশে বইমেলায় পাঠকেরা ঢুকছেন ধীরলয়ে। হুড়োহুড়ি নেই। ভিড় নেই। ঝিমিয়ে পড়া এক বিকেলের দেখা মিলল গতকালের বইমেলায়।
বইমেলা মূলত বই বিকিকিনির কেন্দ্র। সে হিসেবে এসেছে নতুন বইও। আর সাম্প্রতিক আলোচিত ইস্যু ইসরায়েল। গত শনিবার ইরানে একযোগে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই যুদ্ধের মধ্যে গতকাল ইসরায়েল জাতি নিয়ে এল বই ‘বনি ইসরায়েল, উত্থান-পতন ও বিশ্বরাজনীতি’।
তবে বইমেলা বই বিকিকিনির বাইরেও নানা অনুষঙ্গের মিলনকেন্দ্র। লেখক-পাঠকের আড্ডা, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, বইয়ের সঙ্গে সেলফি, পোর্ট্রেট ছবি করিয়ে নেওয়া, ঘোরাঘুরি আর ঐতিহ্য ও সংস্কৃতির উপস্থাপন।
বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে আছে পুতুলনাচ। ঝিমিয়ে পড়া বিকেলে মেলায় সেই আয়োজনে দেখা গেল একটুখানি প্রাণ। ‘কী আনন্দ আকাশে বাতাসে’ গানের তালে তালে বেঙ্গল নামের একটা বাঘ নাচছে। তার সামনে দাঁড়ানো মায়ের কোলে একটি শিশু। শিশুটিকে বাঘসদৃশ পাপেটিয়ার কোলে তুলে নিল। ওকে নিয়ে নাচল। ওর হাসি দেখে বোঝা যায়, বাঘ মামারূপী এই পুতুলের কোলে উঠে ভীষণ খুশি সে।
মেলায় দেখা হয়ে গেল কবি মারুফ রায়হানের সঙ্গে। তিনি বলেন, এত প্রতিকূলতার মধ্যেও বইমেলা হচ্ছে। বইমেলা সফল করতে হবে। একটি বই হলেও কিনতে হবে।
নতুন বইয়ের খোঁজে: সাতচল্লিশ-পরবর্তী পূর্ব বাংলার প্রথম কবিতা সংকলন ‘নতুন কবিতা’। এই সংকলনের বিস্মৃতপ্রায় কবি ওসমান চৌধুরী। তাঁর কাছে লেখা সে সময়ের কবি, সম্পাদকদের দুষ্প্রাপ্য চিঠিপত্রের সূত্রে সেই উত্তাল সময়ের দিকগুলো বলা হয়েছে ‘নতুন কবিতার কাল চৌধুরী ওসমানকে লেখা চিঠিপত্র ও প্রান্তের সাহিত্যচর্চা’ বইয়ে। সিরাজুল ইসলাম চৌধুরীর ভূমিকায় রচনা ও গ্রন্থনা করেছেন ইমতিয়ার শামীম। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
ইসরায়েল বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নাম। কি দেশ কি জাতি হিসেবে। ইসরায়েল জাতি নিয়ে রফিকুল ইসলামের বই ‘বনি ইসরায়েল উত্থান-পতন ও বিশ্বরাজনীতি’। প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে।
বাংলাদেশের রাজনীতির অন্যতম চরিত্র তাজউদ্দীন আহমদকে নিয়ে বলেছেন তাঁর মেয়ে শারমিন আহমদ ও সোহেল তাজ। ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ কন্যার চোখে পুত্রের চোখে’ বইটি বের করেছে ঐতিহ্য প্রকাশনী। একটি বৈঠকে তাজউদ্দীন আহমদকে নিয়ে তাঁর সন্তানদের কথন থেকে তৈরি হয়েছে বইটি। গতকাল মেলার তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ৪২টি।
অন্যান্য আয়োজন
গতকাল বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন নাসিমুল খবির। আলোচনায় অংশ নেন আইভি জামান। সভাপতিত্ব করেন লালারুখ সেলিম। শিল্পী নাসিমুল খবির বলেন, বাংলাদেশের আধুনিক ধারার ভাস্কর্যচর্চার পথিকৃৎ নভেরা আহমেদ এবং প্রাতিষ্ঠানিক ভাস্কর্যচর্চার সূচনাকারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের উত্তরসূরি হিসেবে অধ্যাপক হামিদুজ্জামান খান অর্ধশত বছরজুড়ে যে বিস্তৃত শিল্পসম্ভার রচনা করেছেন, তা অসামান্য। জীবনাবসানের আগপর্যন্ত তিনি ছিলেন কর্মমুখর। একই সঙ্গে ভাস্কর্যের শিক্ষক হিসেবেও ছিলেন খুব যত্নশীল।
শিল্পী আইভি জামান বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে তাঁর সৃষ্টিশীলতার স্মারক তিনি রেখে গেছেন। সেসব সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি সাধারণ মানুষের মনে দীর্ঘকাল বেঁচে থাকবেন।
শিল্পী লালারুখ সেলিম বলেন, ‘আমাদের দেশে ভাস্কর্যশিল্পকে প্রতিষ্ঠা করার জন্য শিল্পী হামিদুজ্জামান খানের প্রয়াস ছিল লক্ষণীয়। তিনি যেমন মূর্ত ভাস্কর্য নির্মাণ করেছেন, তেমনি বিমূর্ত শিল্প নিয়েও কাজ করেছেন। তাঁর কাজের পরিধি ছিল ব্যাপক।’
‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন এ বি এম সোহেল রশিদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ইউসুফ রেজা। আবৃত্তি করেন ফারহানা পারভীন তৃণা। সংগীত পরিবেশন করেন শিল্পী আজগর আলীম, আবু বকর সিদ্দিক, নারায়ণ চন্দ্র শীল ও সামীমা সুলতানা।
আজ সোমবার মেলা শুরু হবে বেলা ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘সার্ধশত জন্মবর্ষ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ শীর্ষক আলোচনা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ মিনিট আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৮ মিনিট আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
১০ মিনিট আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
১ ঘণ্টা আগে