Ajker Patrika

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩৬
শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি
শেরপুরের ঝিনাইগাতী থানা। ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এবার জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে বিএনপি। এসব মামলায় ২৪৪ জনের নাম উল্লেখসহ হাজারের অধিক আসামি করা হয়েছে। অভিযোগ দুটি ১০ ফেব্রুয়ারি আদালতে দাখিল করা হলেও গতকাল সোমবার সেগুলোকে নথিভুক্ত করতে থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৮ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াত নেতা-কর্মীদের হামলায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। ওই ঘটনায় ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের আমজাদ ও ভারুয়া গ্রামের হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে ১০ ফেব্রুয়ারি ঝিনাইগাতী সিআর আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন। দুটি মামলায়ই শ্রীবরদী উপজেলার পশ্চিম তাঁতীহাটি এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আজহারুল ইসলাম মিস্টারকে (৫০) প্রধান আসামি করা হয়। দুটি মামলায় ২৪৪ জনের নাম উল্লেখ ও ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে একই ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাবেক এমপি মাহমুদুল হককে প্রধান করে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ২৩১ জন বিএনপি নেতা-কর্মীর নামে মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামাসহ মোট আসামি ৬০০ থেকে ৭০০ জন।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান বলেন, গতকাল আদালত ঝিনাইগাতী থানাকে মামলা দুটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এই আসনে নির্বাচন স্থগিত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত