
রাজশাহীর চারঘাট উপজেলায় দিনদুপুরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে রামচন্দ্রপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর সন্দেহ, জামায়াত-শিবিরের লোক তাঁর ওপর এ হামলা চালিয়েছে।
আহত ব্যক্তির নাম বিরাজ আলী (৪৭)। তিনি চারঘাটের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। রামচন্দ্রপুর গ্রামে বিরাজ আলীর একটি দোকান আছে। এর পাশে তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের একটি নির্বাচনী কার্যালয় চালান। বিরাজ আলী নিজেকে ইউনিয়ন বিএনপির সদস্য বলে দাবি করেছেন।
হামলার পর স্থানীয়রা বিরাজ আলীকে প্রথমে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে আনার পর তাঁর হাতে ও পায়ে অস্ত্রোপচার করা হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘বিরাজ আলীর দুই পায়ে হাঁটুর নিচে এবং দুই হাতে ধারালো অস্ত্রের জখম ছিল। তাঁর একটি অস্ত্রোপচার করা হয়েছে। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।’
হাসপাতালের বিছানায় শুয়ে বিরাজ আলী বলেন, ‘ঘটনার ব্যাপারে আমি কিছুই বুঝতে পারি নাই। ঘাস কাইটি যাচ্ছিলাম সাইকেল লিয়া। এক লোক জামায়াত-শিবির করে, লোক দেখি বুঝা গেল। হেলমেট মাথার মধ্যি ঢুকাল, আমি মুনে করছি একা খালি হাতে দাঁড়া আছে। আমি যাচ্ছি। যাতি লাগলেই হঠাৎ করি সাইকেলের ওপর বাড়ি মারল। আমি পড়ি গেলাম। এরপর কুপায় যাচ্ছে, আমি ঠেকায় যাচ্ছি। ঠেকাতে ঠেকাতে হাত কাইটি গেছে। তারপর পা কুপাইতে শুরু করিছে। লোকজন আসার পরে মোটরসাইকেল টান দিয়ি চলি গেছে।’
কারা এই হামলা করতে পারে, জানতে চাইলে বিরাজ আলী বলেন, ‘জামাতের-শিবিরের লোক ছাড়া কেউ করেনি। আমার ছোটখাটো দোকান আছে, ব্যবসাপাতি করি। আমার দোকানে আবু সাঈদ চাঁদের ব্যানার লাগাইছি। দু-দশজন ছেলি লিয়া একটা ভোটের অফিস চালাই।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আইয়ুব আলী বলেন, ‘ঘটনা শুনেছি। উনি ভালো মানুষ। নির্ঝঞ্ঝাট মানুষ হিসেবে পরিচিত। মুখ বেঁধে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনোভাবেই এতে জড়িত না। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আমরা প্রশাসনকে বলেছি, দোষী ব্যক্তিকে খুঁজে বের করতে। আপনাদেরও বলছি। দোষী ব্যক্তিকে খুঁজে আইনের আওতায় আনা হোক।’
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ভিডিওতে ২৫-৩০ জনের একদল দুর্বৃত্তকে গুলি ছুড়তে দেখা গেছে। তাদের স্থানীয় একটি গ্রামে সারিবদ্ধ হয়ে সামনের দিকে গুলি ছুড়তে ছুড়তে এগোতে দেখা যায় এবং ১৩টি গুলি ছোড়ার শব্দ শোনা যায়।
২৭ মিনিট আগে
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছেন বাংলাদেশ নৌবাহিনী পাথরঘাটা কন্টিনজেন্টের সদস্যরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডারের লে. কমান্ডার..
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রতন শুভকর (৩০) নামের এক চা-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারাই চা-বাগান ফ্যাক্টরির ১ নম্বর সেকশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটকেন্দ্রের সরঞ্জাম নিতে এসে এক প্রিসাইডিং কর্মকর্তা অজ্ঞান হয়ে পড়েছেন। তাঁর নাম বরুণ কান্তি সাহা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
১ ঘণ্টা আগে