
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। খনন করা মাটি ডাম্প ট্রাকে করে বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হচ্ছে। ভারী ডাম্প ট্রাকের চাপে গ্রামীণ পাকা ও ইট বিছানো সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়দের ভাষ্য, দুই মাস ধরে দিনে-রাতে অন্তত ১০ থেকে ১২ বিঘা আবাদি জমিতে পুকুর খনন চলছে। প্রায় এক মাস আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে খননযন্ত্রের দুটি ব্যাটারি জব্দ করেন। তবে এরপরও নতুন ব্যাটারি সংযুক্ত করে খনন কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, শেরপুর পৌর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণে অবস্থিত খোট্টাপাড়া গ্রামে খননকাজ চলমান রয়েছে। খনন করা মাটি ডাম্প ট্রাকে করে বহনের কারণে সাধুবাড়ি পাকার মাথা থেকে ঘোলাগাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা সড়কের পিচ-পাথর উঠে গেছে। এ ছাড়া খোট্টাপাড়া গ্রামের অভ্যন্তরে প্রায় ১ কিলোমিটার ইট বিছানো সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সড়ক দিয়ে আশপাশের অন্তত তিন গ্রামের প্রায় এক হাজার পরিবার চলাচল করে।
স্থানীয় ফজলুল হক বলেন, ভারী ট্রাক চলাচলের ফলে একটি কালভার্টও ভেঙে গেছে। বর্ষা মৌসুমে পানিনিষ্কাশনে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। গ্রামের তিনজন নারী বলেন, দিনরাত ট্রাক চলাচলের শব্দ ও ধুলাবালুর কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। দ্রুতগতির ট্রাক চলাচলে শিশুদের নিরাপত্তা নিয়েও তাঁরা উদ্বিগ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, তিনি অবৈধ খননের অভিযোগ জানিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেছিলেন। তবে থানা-পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দেন।
পুকুর খননের ঘটনায় অভিযুক্ত মো. মাসুদ বলেন, তিনি একজন মৎস্যচাষি এবং খনন করা জমির মালিক। মাছ চাষের উপযোগী করতে জমিকে পুকুরে রূপান্তর করছেন। তিনি দাবি করেন, স্থানীয় প্রশাসন তাঁর কাজে কোনো বাধা দেয়নি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, জমির শ্রেণি পরিবর্তন-সংক্রান্ত বিষয়ে তাঁর কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে এক মাস আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খননযন্ত্রের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মির্জাপুর ইউনিয়নের সহকারী (ভূমি) কর্মকর্তা মোছা. স্বপ্না পারভীন বলেন, বিষয়টি তিনি মৌখিকভাবে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেছেন।
শেরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল মজিদ বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে অন্তত পৌনে ২ কোটি টাকা প্রয়োজন হবে। তবে বর্তমানে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় দ্রুত সংস্কার সম্ভব হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, আবাদি জমির শ্রেণি পরিবর্তনের জন্য সরকারি অনুমোদন আবশ্যক। খোট্টাপাড়া গ্রামে যে খননকাজ চলছে, তার কোনো অনুমোদন নেই। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৌলভীবাজারে বোরো আবাদের ভর মৌসুমে সেচের তীব্র সংকটে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। পানির অভাবে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা যাচ্ছে না। আর যাঁরা আবাদ করেছেন, এমন অন্তত ৬০ হাজার কৃষক পর্যাপ্ত সেচ না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর ঘিরে শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ১২০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। নজরদারি আরও কার্যকর করতে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংকেত পাঠাবে এসব ক্যামে
২ ঘণ্টা আগে
বিএনপি সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) মনোনয়ন নিয়ে রাজশাহী বিভাগে শুরু হয়েছে নানা আলোচনা। বিভাগের আট জেলায় অন্তত ২৯ নারীনেত্রী মনোনয়নের প্রত্যাশায় সক্রিয় হয়েছেন। তাঁরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন, অনেকে অবস্থান করছেন ঢাকায়।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের নবাবগঞ্জে সিরাজুল আল সামস (৭) নামের এক শিশুর পায়ের রগ কাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন ভুট্টাখেতের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে