
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন।
এর আগে দুপুরে তারুজ্জামানকে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এস আই মাজেদুল ইসলাম ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
আখতারুজ্জামানের পক্ষে তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিন রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর অতিরিক্ত পিপি মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে গতকাল শুক্রবার বিমানবন্দর থানায় মামলাটি করেন। সেদিনই আখতারুজ্জামানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি দল পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফেরেন। বিমানবন্দরে নামার পর লাগেজ সংগ্রহের সময় অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলি পেতে ভোগান্তি তৈরি হয়। এ নিয়ে কয়েকজনের সঙ্গে বিমানবন্দরের কর্মীদের কথা কাটাকাটি হয়।
অভিযোগে বলা হয়েছে, লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না পাওয়ার বিষয়টি নিয়েও সেখানে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতির কথা জানার পর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে আসতে বলেন।
নির্বাহী পরিচালক সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তখন মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন এবং হুমকিমূলক ও অশালীন ভাষা ব্যবহার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সংসদ সদস্য নির্বাহী পরিচালককে সেখান থেকে সরিয়ে নেন।
ঘটনার পর বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকেও আখতারুজ্জামান হুমকি দেন। তাঁর সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী ঘটনার ভিডিও করছিলেন এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলছিলেন।
এজাহারে আরও বলা হয়েছে, বিমানবন্দরের কেপিআই-ভুক্ত এলাকায় ভিডিও ধারণ বন্ধ করতে আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিদের অনুরোধ করেন নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় আখতারুজ্জামান তাঁর সঙ্গেও অশালীন আচরণ করেন। একপর্যায়ে ওই নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে আঘাত করেন।
পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন প্রতিনিধি সেখানে গেলে তাঁর সঙ্গেও আখতারুজ্জামান উত্তেজনাপূর্ণ আচরণ করেন। একইসঙ্গে যাত্রীদের জমজমের পানি রাখা বোতল বা পাত্র ট্রলি থেকে ফেলে দেন।
বাদীর অভিযোগ, এমন আচরণের কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয় এবং দায়িত্ব পালনরত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আখতারুজ্জামান কর্তৃক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টিতে কোনো কুচক্রী মহল জড়িত আছে বা তাদের ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বারী দুলালকে হাসপাতালে দেখতে গেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। আজ রোববার তিনি গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন।
২ মিনিট আগে
হামলার পর এনসিপির একাধিক নেতা ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্যসচিব তারেক রেজা এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁদের পোস্টে এ অভিযোগ করেন।
১৩ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলার তিন বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে মেয়াদবিহীন পণ্য বিক্রি, খাদ্যে ক্ষতিকর রঙ ব্যবহার এবং নির্ধারিত দামের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৭ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির দিনে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের তালা ভেঙে সততা স্টোরে রাখা সব টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি ১১টি ফ্যান, একটি সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেছে চোরেরা। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভার বিদ্যালয়ে ফেলে যায় তারা।
১৭ মিনিট আগে