Ajker Patrika

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি             
পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঝন্টু আলী (৫৮) নিশ্চিতপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। অভিযুক্ত কালাম হোসেন একই গ্রামের এরশাদ আলী প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি বন্ধক-সংক্রান্ত পাওনা টাকা নিয়ে ঝন্টু আলী ও কালাম হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় কালাম হোসেনের একটি ঘুষির আঘাতে ঝন্টু আলী ছিটকে গিয়ে বাড়ির দেয়ালে সজোরে আঘাত পান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় শিক্ষক আলাউদ্দিন জানান, ঝন্টু আলী আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর শারীরিক অবস্থা দুর্বল থাকায় আঘাতের ধকল তিনি সহ্য করতে পারেননি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজনেরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। এদিকে ঘটনার পর অভিযুক্ত কালাম হোসেন আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত