মাদক সেবনের জন্য বরখাস্ত পুলিশ সদস্য ফের মাদকের আসরে ধরা

পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পুরনো। কয়েকমাস আগেই ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সংযুক্ত রাখা হয় রাজশাহী জেলা পুলিশ লাইন্সে। বিভাগীয় মামলাও হয় তার বিরুদ্ধে। সেই মেহেদী হাসান ফের ধরা পড়েছেন মাদকের আসরেই। এখন তাকে আবার ডোপ টেস্ট করা হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাজশাহী নগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে মাদক সেবনের সময় স্থানীয় লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার একটি দল গিয়ে তাকে আটক করে। সেখান থেকে মাদক সেবনের বিভিন্ন আলামতও জব্দ করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।
পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় বসবাস করেন। কয়েকমাস আগে তিনি জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন। সেখানেই মাদক সেবনের অভিযোগ উঠলে তাকে ডোপ টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ হলে সাময়িক বরখাস্ত করে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত রাখা হয়েছিল।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, ‘মেহেদী যে ঘরে ছিলেন সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে, কিন্তু মাদক পাওয়া যায়নি। তাই সরাসরি মাদক আইনে মামলা করা যায়নি। বিভাগীয় পুলিশ হাসপাতালে তার ডোপ টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজিটিভ হলে মাদকসেবী হিসেবে মাদক আইনে মামলা করা হবে। আর রিপোর্ট নেগেটিভ হলে ঘটনার ব্যাপারে একটি রিপোর্ট দিয়ে তাকে জেলা পুলিশে পাঠানো হবে।’
জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, কয়েকমাস আগে মেহেদী চারঘাট থানায় ছিলেন। তখন মাদক সেবনের অভিযোগ উঠলে তার ডোপ টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ হলে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত রাখা হয়েছিল। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। মামলার তদন্ত চলছে। এরই মধ্যে তিনি মাদকের আসরে নগর পুলিশের হাতে আটক হয়েছেন বলে শুনেছেন।
তিনি জানান, রোববার সকালে মেহেদীকে ডোপ টেস্টের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। এবারও ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।









