
জরুরি চিকিৎসা পেতে যে জায়গার ওপর সবচেয়ে বেশি ভরসা করেন রোগী, সেখানেই লুকিয়ে ছিল বিপদ। চিকিৎসা নিতে এসে নতুন করে আহত হতে হবে, ভাবেন নি কেউ। কিন্তু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এমনটিই ঘটেছে। ছাদের প্লাস্টার ধসে সহ-সেবকসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন রোগী।
আজ বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি বিভাগ সাময়িক বন্ধ রাখা হয়। পরে পাশের একটি কক্ষে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পুরোনো ভবনটি পাকিস্তান আমলে নির্মিত। ভবনটি আগে রুরাল ডিসপেনসারি (আরডি) অফিস হিসেবে ব্যবহৃত হতো। দেশ স্বাধীন হওয়ার পর ফুলবাড়ীর আরডি অফিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে কার্যক্রম শুরু করে।
প্রথমে পুরোনো ভবনে ৩১ শয্যার কার্যক্রম চললেও পর্যায়ক্রমে নতুন আরেকটি ভবন যুক্ত করে হাসপাতালটি ৫০ শয্যায় রূপান্তর করা হয়। দীর্ঘদিনের পুরোনো হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। ভবনটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, জরুরি বিভাগের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের ভিড়। জরুরি বিভাগের ভেতরে ছাদের প্লাস্টার খসে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ছাদের বড় একটি অংশ খসে পড়ায় পুরোনো ও মরিচাধরা রড বের হয়ে গেছে।

জরুরি বিভাগের ওপরের তলায় হাসপাতালের আবাসিক শয্যা থাকায় ঝুঁকির মাত্রা বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঘটনার পর জরুরি বিভাগের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
রোগী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, জরাজীর্ণ ভবনটিতে আগেও সংস্কারকাজ করা হয়েছে। তবে ভবনগুলো পুরোনো হওয়ায় সংস্কার করা অংশও ধসে পড়ছে। ভবনটি সরিয়ে নতুন ভবন নির্মাণের দাবি জানান তাঁরা।
বেতদিঘী ইউনিয়নের বড়নগর এলাকার আতিয়ার রহমানকে মাথায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনরা। জরুরি বিভাগ বন্ধ থাকায় তাঁরা উৎকণ্ঠায় পড়েন। ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে নিয়ে হাসপাতালে আসা উদ্বিগ্ন জাহানারা খাতুনও জরুরি বিভাগের সামনে অপেক্ষা করছিলেন।
হাসপাতালের জরুরি বিভাগের সহ-সেবক রফিকুল ইসলাম বলেন, ভবনটি অনেক পুরোনো। এর আগেও ছাদের প্লাস্টার খুলে পড়েছিল। দুই বছর আগে সংস্কার করা হলেও আজ সেই সংস্কার করা প্লাস্টারও খুলে পড়ে।
রফিকুল ইসলাম বলেন, ‘ছাদের ভারী প্লাস্টার খুলে সরাসরি আমার মাথায় পড়ে। তবে ছাদের নিচে প্লাস্টিকের সিলিং বোর্ড থাকায় মাথায় পড়ামাত্র সিমেন্টসহ তা পিছলে মাটিতে পড়ে যায়। ফলে কিছুটা জখম হলেও অল্পের জন্য রক্ষা পাই।’
রফিকুল ইসলাম জানান, এ সময় পাশে থাকা কয়েকজন রোগী আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠেন। তাঁদের মধ্যে দুজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের কক্ষে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি রংপুরে আছেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আলমগীর কবির ব্যস্ততার কথা বলে এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাজেদুর রহমান সাজু বলেন, ‘ভবনটি অনেক পুরোনো হওয়ায় ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। ভবনের ওপরের তলায় আবাসিক রোগীরা ভর্তি থাকেন। প্লাস্টার খসে পড়ার পর জরুরি বিভাগ সাময়িক বন্ধ থাকলেও পরে পাশের কক্ষে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ ওরফে মামুন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১ মিনিট আগে
সিলেট বিভাগে বেড়েই চলেছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এই দুই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু এবং ডেঙ্গুতে ১ জন নারী মারা গেছেন। আজ বুধবার সিলেটের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে...
৩ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে ডিলার গিয়াস উদ্দিন প্রামানিকের বিরুদ্ধে ৪০ বস্তা রাসায়নিক সার তাড়াশে পাচারের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওকে কেন্দ্র করে এ অভিযোগ ওঠে। ডিলার অভিযোগ অস্বীকার করে চাঁদাবাজির দাবি করেছেন। উপজেলা কৃষি বিভাগ বলছে, বিষয়টি তদন্তাধীন।
৫ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিনকে (৪৬) কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে