
ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে কুমিল্লার মুরাদনগরে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। আজ বুধবার উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান হেলালী। তিনি উপজেলার ধামঘর গ্রামের সুন্দর আলীর ছেলে এবং উপজেলার সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালী প্রাইভেট কারে করে নিয়ামতকান্দি গ্রামে যান। অভিযোগ রয়েছে, সেখানে তিনি গোপনে কয়েকজন ভোটারের মাঝে নগদ টাকা বিতরণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করে প্রশাসনকে খবর দেন। তাঁদের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে দুই বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ প্রায় দুই লাখ টাকা।
খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অভিযুক্তকে বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়। গাড়ির চালকসহ জামায়াত নেতাকে মুরাদনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, ‘ঘটনাটি ম্যাজিস্ট্রেটের সরাসরি তত্ত্বাবধানে সংঘটিত হয়নি বিধায় মোবাইল কোর্ট আইনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি বিচারিক তদন্ত কমিটির মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে।’
এদিকে বিষয়টি জানাজানির পর কুমিল্লা-৩ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর প্রার্থী ইউছুফ সোহেল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তবে আটক জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালী টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সাংগঠনিক কাজের উদ্দেশ্যে এলাকায় গিয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
উল্লেখ্য, আজ বুধবার সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়। আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তাঁর ব্যবসার টাকা।
বিমানবন্দর থানা-পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। তিনি ঢাকা থেকে একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে সৈয়দপুরে আসেন।

৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ইসিজিতে সমস্যা ধরা পড়েছে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
২ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান খাদে পড়ে গেছে। এ সময় পিকআপে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনজন আনসার সদস্য আহত হয়েছেন। আহত আনসার সদস্যরা হলেন সেফালি বেগম, আরিফ মিয়া ও মাসুদা বেগম।
৭ মিনিট আগে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান।
১২ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াতে ইসলামীর নেতা বেলাল উদ্দিন তাঁর কাছে ‘৫০ লাখ প্লাস’ টাকা থাকার দাবি করলেও গণনা শেষে ৭৪ লাখ পাওয়া গেছে। দুটি ব্যাগভর্তি অবস্থায় পাওয়া সব টাকা মেশিনে গণনা শেষে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে