Ajker Patrika

আ.লীগ সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৩
আ.লীগ সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। ছবি: আজকের পত্রিকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। তাই দেশে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।’

আজ বুধবার দুপুরে ভোলা শহরের নতুন বাজার চত্বরে গণসংবর্ধনাকালে জনতার উদ্দেশে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষই চায়। ভোলা-বরিশাল সেতুর জন্য ভোলার প্রত্যেকটি মানুষ আন্দোলন করেছে। সেতুর জন্য আমরা সবাই কাজ করেছি। আমরা সবাই আন্দোলন করেছি। সরকার সেটাও দেখছে। সরকার তার নিজস্ব অবস্থান থেকে অন্য দিক থেকে সেতুর বিবেচনা করছে। ভোলার মানুষ হিজলা-মুলাদী হয়ে ডাইরেক্ট শরিয়তপুর হয়ে ঢাকায় গেলে ৪০ মিনিট সময় কম লাগে। কিন্তু কিছু মানুষ ভোলাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা ভোলার সেতু চায় না।’

ভোলার মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না। ভোলার মানুষকে বিভক্ত করবেন না। আমরা সবাই ভোলার উন্নয়ন চাই। কোনটি হবে, কোনটি হবে না, তা অবশ্যই প্রধানমন্ত্রীর বিশেষ নজরে আছে। সেখানে বিশেষজ্ঞরা আছেন। যাঁরা বুঝবেন—কোনটি হলে ভালো হবে, তাঁরা সেটা ঠিক করবেন। ভোলার মানুষকে আর বিভক্ত করবেন না।’

পার্থ বলেন, ‘আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু ২০০৬ সালে ইন্তেকাল করেছেন। এর পর থেকে আমি রাজনীতিতে আসি। সেই সময় ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। মঈনউদ্দীন-ফখরুদ্দীন সরকারের সময়ে জাতীয়তাবাদী শক্তির ওপর অনেক অন্যায়, অনেক অত্যাচার হয়। একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আমাকে চলতে হয়। সেই সময়ে বাংলাদেশে আমাকে কেউ চিনত না। তখন আমার একটাই পরিচয় ছিল, আমি নাজিউর রহমান মঞ্জু মিয়ার ছেলে।

‘এরপর ১৮ বছর রাজনীতি করেছি। সে সময় কত সুযোগ-সুবিধা নিতে পারতাম। আমি সবকিছু বাদ দিয়ে জেল-জুলুম মাথায় নিয়ে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম।’

ঢাকা থেকে রওনা হয়ে দুপুর ১২টার দিকে ভোলা খেয়াঘাটে পৌঁছান তথ্যমন্ত্রী। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা শাখার সভাপতি মো. আমিরুল ইসলাম রতনের নেতৃত্বে বিজেপি নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ হাজারো মানুষ তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত