
শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি রানা মিয়ার স্বপ্নযাত্রা। এক পা খুঁড়িয়ে হাঁটেন, একটি হাত স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারেন না। দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা ও রগে টান ধরে। তবু এসব কষ্টকে সঙ্গী করেই নিজের পড়াশোনার খরচ জোগাতে কলেজের ক্লাসের ফাঁকে শরবত বিক্রি করছেন তিনি। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের গণিত বিভাগের সম্মান প্রথম বর্ষের এই শিক্ষার্থীর গল্প যেন সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে চলার এক অনুপ্রেরণার নাম।
রানা মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উত্তর কচুরী গ্রামে। তাঁর বাবা হারিছ মিয়া পেশায় কৃষক। বয়সের ভারে এখন তিনি অনেকটাই কর্মক্ষমতা হারিয়েছেন। শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। ফলে আগের মতো নিয়মিত কাজ করতে পারেন না। চার সদস্যের পরিবারটির সংসার চলে অনেকটা টানাপোড়েনের মধ্য দিয়ে। এমন পরিস্থিতিতে ছেলের পড়াশোনার খরচ বহন করাও পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।
তাই নিজের পড়াশোনার খরচ জোগাতে কিশোরগঞ্জ জজকোর্টের সৈয়দ নজরুল ইসলাম ভবনের সামনে প্রতিদিন শরবত বিক্রি করেন রানা মিয়া। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে তাঁর এই সংগ্রাম। প্রতিদিন প্রায় ৮০০ থেকে ১ হাজার টাকার শরবত বিক্রি করেন তিনি। শরবত তৈরির উপকরণের খরচ বাদ দিয়ে দিন শেষে তাঁর হাতে থাকে ৩০০ থেকে ৪০০ টাকা। সপ্তাহে পাঁচ দিন এভাবে শরবত বিক্রি করেন তিনি।
রানা মিয়ার কলেজ ও শরবত বিক্রির স্থান কাছাকাছি হওয়ায় ক্লাসের ফাঁকে এই কাজটি করতে পারেন। ক্লাসের সময় হলে দ্রুত দোকান গুটিয়ে ছুটে যান কলেজে। এভাবেই পড়াশোনা আর জীবিকার তাগিদ—দুটোই একসঙ্গে সামলে এগিয়ে চলছেন রানা মিয়া।
জানা গেছে, অর্থাভাবে নবম শ্রেণিতে পড়ার সময়ই প্রাইভেট পড়া ছেড়ে দিতে হয় রানাকে। এরপর থেকে ইউটিউবে বিনা মূল্যে বিভিন্ন টিউটোরিয়াল দেখে এসএসসি ও এইচএসসির প্রস্তুতি নেন তিনি। নান্দাইল উপজেলার বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি থেকে এসএসসিতে জিপিএ-৪.৭৮ এবং কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.০৮ অর্জন করেন রানা। এরপর ভর্তি হন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের সম্মান প্রথম বর্ষে। বর্তমানে সেখানে তিনি গণিত বিভাগে পড়াশোনা করছেন।
রানা মিয়া বলেন, ‘জন্ম থেকেই আমার পা ও হাতে সমস্যা। ভারি কোনো কাজ করতে পারি না। অনার্সে ভর্তি হওয়ার পর খরচ বেড়ে গেছে। শরবত বিক্রি করে কোনোভাবে খেয়ে না-খেয়ে দিন পার করছি। দীর্ঘসময় দাঁড়িয়ে শরবত বিক্রি করায় পায়ে ব্যথা হয়, রগে টান ধরে।’
রানা মিয়া আরও বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত শরবত বিক্রি করি। এর মাঝে ক্লাসের সময় হলে দোকান গুটিয়ে কলেজে যাই, ক্লাস শেষে আবার বিক্রি শুরু করি। ফলে নিয়মিত পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় বের করতে পারি না। এভাবেই নিজের পড়াশোনার খরচ ও পরিবারের খরচ বের করতে হয় আমাকে।’
রানার বাবা হারিছ মিয়া বলেন, ‘কৃষিকাজ করে এবং অন্যের সহযোগিতা নিয়ে অনেক কষ্টে দুই ছেলের পড়াশোনার খরচ চালিয়েছি। এখন বয়স হয়েছে, শ্বাসকষ্টসহ শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। আগের মতো কাজ করতে পারি না। বড় ছেলে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও শরবত বিক্রি করে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে। ছোট ছেলেকেও টাকার অভাবে প্রাইভেট পড়াতে পারছি না। খুব কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। আমাদের ঘরের অবস্থাও ভালো না, বৃষ্টির সময় ঘরের ভেতর পানি পড়ে।’
প্রতিবেশী শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘প্রতিবন্ধী রানা সম্পর্কে আমার নাতি হয়। সে অত্যন্ত মেধাবী, অর্থাভাবে অনেক কষ্ট করে পড়াশোনা করে এ পর্যন্ত এসেছে। সমাজের সবার উচিত রানাকে সহযোগিতার মাধ্যমে তাঁর লক্ষ্যে পৌঁছে দেওয়া।’
গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘রানা মিয়া শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক অসচ্ছলতার কারণে নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছে। নিজের সীমাবদ্ধতা ও অসহায়ত্বকে জয় করে সে নিয়মিত ক্লাস করছে এবং পড়াশোনায়ও ভালো করছে। এমন একজন শিক্ষার্থীকে সহযোগিতা করা সমাজের সামর্থ্যবান মানুষের দায়িত্ব বলেও আমি মনে করি।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ‘রানার পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

গাজীপুরের কালিয়াকৈরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ঐশী রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় পূর্বচান্দরা মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। ভবন মালিকের গাফিলতি ও অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এদিকে শিশুটির পরিবারের পক্ষ থেকেও অভিযোগ না পাওয়ার...
২ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের চালকল এলাকায় এ অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
৭ মিনিট আগে
বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলার মামলাসহ দুই মামলায় ফজলে খোদা বাবুল (৫১) নামে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বগুড়া শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরের তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
১০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে চার বছরের শিশুর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে শামীমা আক্তার নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে সোনার চেইন ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মকিমপুর গ্রামে পীরগঞ্জ ফায়ার স্টেশনের কাছে পুষ্টি অফিসের সামনে এ ঘটনা...
১৫ মিনিট আগে