
টাঙ্গাইলের মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জিহাদকে (৮) দফায় দফায় নির্যাতন ও গভীর রাত পর্যন্ত খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী মফেজ উদ্দিনের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গোবুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন গভীর রাতে জিহাদকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
জিহাদ নাজমা বেগম ও ফারুক হোসেনের ছেলে। জিহাদ ছোট থাকতেই নাজমা-ফারুক দম্পতির বিচ্ছেদ হয়। পরে দুজনই ভিন্ন স্থানে বিয়ে করে সংসার পেতেছেন। গত ছয় বছর ধরে জিহাদ নানার বাড়িতে প্রতিপালিত হচ্ছে।
জিহাদের নানা মফিজুল ইসলাম বলেন, ‘জিহাদের মা-বাবা নেই। গত ছয় বছর ধরে আমরা তাকে লালন-পালন করছি। জিহাদ গোবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।’
মফিজুল ইসলাম জানান, গতকাল বেলা ২টার দিকে জিহাদ তাঁর কাছ থেকে ১০ টাকা নিয়ে মফেজ উদ্দিনের দোকান থেকে খাবার কিনে খায়। মাগরিবের আগে স্থানীয় দুই কিশোরকে দিয়ে জিহাদকে ডেকে নেন মফেজ উদ্দিন। পরে নিজের দোকান থেকে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে জিহাদকে নির্যাতন করা হয়।
অভিযোগ অনুযায়ী, মফেজ উদ্দিন প্রথমে জিহাদকে ঘরের চৌকির পায়ার সঙ্গে বেঁধে দফায় দফায় নির্যাতন করেন। জিহাদ চুরির অভিযোগ অস্বীকার করায় তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর মফেজ উদ্দিন গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ‘খবর শুনেছি। বিষয়টি তদন্তের জন্য পুলিশ কর্মকর্তা পাঠিয়েছি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, মানুষের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি হয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না। অসহিষ্ণুতা একদিনে হয়নি। আগে এমন ছিল না। যারা করছে, তাদের একটা উদ্দেশ্য আছে।
১১ মিনিট আগে
চাঁদপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া চানাচুর ও আচার উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক মো. শুক্কুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে একের পর এক বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির দেয়াল, টিনের চালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩৭ মিনিট আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজধানীর মানিকদীতে আবাসন প্রকল্প এলাকায় অন্তত তিনবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমির দখল ও পাল্টা দখল নিয়ে আবাসন কোম্পানিগুলো এই সংঘর্ষে জড়ায়। এসব আবাসন কোম্পানির পেছনে ক্ষমতাধর ব্যক্তি ও রাজনীতিকেরা রয়েছেন।
৪৩ মিনিট আগে