Ajker Patrika

সুন্দরবনের ৪ দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
সুন্দরবনের ৪ দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ
আত্মসমর্পণ করা ৫২ জন। ছবি: সংগৃহীত

সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে র‍্যাব-৬-এর ধারাবাহিক অভিযানের মধ্যে চারটি দস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন। অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে গতকাল সোমবার (৩১ আগস্ট) তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন। আজ মঙ্গলবার র‍্যাব-৬ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালরা জলদস্যুদের অপহরণ ও মুক্তিপণ দাবির কারণে ঝুঁকির মধ্যে ছিলেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

বন্যপ্রাণীর প্রজনন ও বিচরণ নির্বিঘ্ন রাখতে তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে বনটি পর্যটক ও বনজীবীদের জন্য পুনরায় উন্মুক্ত হচ্ছে। এর আগের দিন ৫২ জন দস্যুর আত্মসমর্পণ সুন্দরবনে বনজীবীদের জীবিকা, পর্যটকদের নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্টদের মতে, দস্যুদের আত্মসমর্পণ অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও বন্যপ্রাণী শিকার রোধেও সহায়ক হতে পারে।

র‍্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ আরও বলেন, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, বননির্ভর জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংঘবদ্ধ অপরাধ দমনে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত