Ajker Patrika

পালকপুত্রকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ করেছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৬, ২৩: ১৫
পালকপুত্রকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ করেছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
সভায় বক্তব্য দেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগকে নিষ্কৃতি দেওয়ার জন্য, খুনিদের সঙ্গে আঁতাত করার জন্য বিএনপি নিজের এক পালকপুত্রকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর নিয়োগে বিএনপির উদ্দেশ্য নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রসিকিউটর ছিল। ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনাল থেকে যাঁর (সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম) নেতৃত্বে সুন্দর একটি বিচারালয় প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, তাঁকে সেখান থেকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে নিষ্কৃতি দেওয়ার জন্য, খুনিদের সঙ্গে আঁতাত করার জন্য বিএনপি নিজের এক পালকপুত্রকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ করেছে।’

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের হত্যায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার না হওয়ার পেছনে বিএনপির নেতা-কর্মীদের মামলা-বাণিজ্য দায়ী দাবি করে এনসিপির এই নেতা বলেন, ‘গত ১৭ বছর যখন কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী, কোনো পরিবার সেই গুলশান থেকে পুরো বাংলাদেশে একটি বালুর ট্রাকও সরাতে পারে নাই, সে সময় আপনাদের রংপুরের সন্তান আবু সাঈদ দুই হাত তুলে গুলির সামনে দাঁড়িয়েছিলেন। শুধু আবু সাঈদ নন, আবু সাঈদের পদাঙ্ক অনুসরণ করে করে অনেকেই জীবন দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যে মানুষগুলো বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেল, আপনাকে স্বাধীন করে দিয়ে গেল, সেই মানুষগুলোর খুনি যারা, তাদেরকে মামলা-বাণিজ্যের বিনিময়ে বিএনপির ভাইয়েরা এক লাখ টাকা, দুই লাখ টাকা, তিন লাখ টাকার বিনিময়ে সেই খুনিদের থানা থেকে বের করে দিয়েছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা বলেছিলাম, আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি হইতে পারবে না। বাংলাদেশে সন্ত্রাসী কায়েম হইতে পারবে না, খুন-খারাবি হইতে পারবে না। কিন্তু তারা (বিএনপি) আমাদের স্বপ্ন ভঙ্গ করেছে, তারা আবু সাঈদের স্বপ্ন ভঙ্গ করেছে, তারা শহীদ ওয়সিমের স্বপ্ন ভঙ্গ করেছে। ব্যাংকগুলো তারা দখলে নিয়েছে, প্রতিষ্ঠানগুলা দখলে নিয়েছে, মসজিদ কমিটি দখলে নিয়েছে, স্কুল-মাদ্রাসা কমিটি দখলে নিয়েছে। যেসব ব্যবসায়ী ভেবেছিলেন, ১৭ বছর পর শান্তিতে ব্যবসা করবেন, সেই ব্যবসায়ীদের পায়ে পাড়া দিয়ে বসেছে বিএনপির ভাইয়েরা।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘শুধু রাজপথে নয়, সংসদেও তারা স্বপ্ন ভঙ্গ করেছে। জনগণের ভাগ্যের বিরুদ্ধে গিয়ে সালাউদ্দিন গং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের কুসংস্কার নামক একটি সংশোধন কমিটি গঠন করল। সেই সংশোধন কমিটির একমাত্র উদ্দেশ্য, গত ৫৩ বছর ভারত সরকার যারা আমাদের ওপর নির্যাতন চালিয়েছিল, শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যারা বাংলাদেশের ওপর খুনের রাজত্ব কায়েম করেছিল, তাদের সেই খুনের বৈধতাকারী প্রতিষ্ঠান-মুজিবীয় সংবিধান, শেখ হাসিনার সংবিধান, ভারতীয় সংবিধান টিকিয়ে রাখার জন্য।’

বিএনপিকে হুঁশিয়ার করে এনসিপি নেতা বলেন, ‘আমরা আপনাদের বলে দিতে চাই, আপনারা যতই মুজিব সংবিধান বুকে-পিঠে আঁকড়ে ধরতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে।’

সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কুড়িগ্রাম জেলার নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত