Ajker Patrika

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি খাদ্যসহায়তা (ভিজিএফ) কর্মসূচির কার্ড বরাদ্দ বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাহিদার চেয়ে কার্ড কম বরাদ্দের খবর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর কার্ডের বরাদ্দ বৃদ্ধির খবর এল।

গত ২২ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিডি অনুবিভাগের উপপরিচালক (ভিজিডি-২) কাজী মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আসছে ঈদুল ফিতর উপলক্ষে এই উপজেলায় ১৩ হাজার ৮৩৪টি কার্ডের বিপরীতে ১৩৮ টন ৩৪০ কেজি চাল বরাদ্দ হয়েছে। একটি কার্ডে পরিবারপতি বিনা মূল্যে ১০ কেজি চাল বিতরণ করা হবে। অথচ গত ঈদুল ফিতরে ৪৬ হাজার ৬১টি পরিবারের ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল। সে হিসাবে এবার বরাদ্দ প্রায় ৪ ভাগের ১ ভাগে নেমে আসে। এ নিয়ে গত সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ‘ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইন সংস্করণে খবর প্রকাশিত হয়। খবরটি জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর দৃষ্টিগোচর হয়। পরে তিনি বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন। একই দিন বিকেলে বরাদ্দ বাড়িয়ে ৪৬ হাজার ৭৩টি পরিবারের জন্য ভিজিএফ কার্ড অনুমোদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোছা. নূর-এ শেফা বলেন, ‘কয়েক দিন আগে ১৩ হাজার ৮৩৪টি পরিবারের জন্য ভিজিএফের কার্ড বরাদ্দ হয়েছিল। এটা চাহিদার চেয়ে অনেক কম ছিল। গতকাল বরাদ্দ বাড়িয়ে ৪৬ হাজার ৭৩টি পরিবারের জন্য ভিজিএফ কার্ড অনুমোদন দিয়ে কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়েছেন।’

সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, ‘আমাদের উপজেলাটি যমুনা-ব্রহ্মপুত্রসহ নানা নদ-নদীভাঙনকবলিত। এখানকার বেশির ভাগ মানুষ হতদরিদ্র। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ভিজিএফ চাহিদার চেয়ে কার্ড কম বরাদ্দের বিষয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর দৃষ্টিগোচর হয়। এ নিয়ে আমি যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্ডের বরাদ্দ বাড়িয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত