
‘কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের “থার্টি ফোর” বা “সানডে মানডে ক্লোজ” করে দিতাম।’ সাভারে ছয় খুনের ঘটনায় আটক হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে এভাবেই বলেছিলেন ভবঘুরে মশিউর রহমান সম্রাট (ছদ্মনাম)।
সাভার থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, ‘সম্রাট পাগল নন। অতিরিক্ত নেশা করার কারণে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। মানুষ খুন করা তাঁর নেশায় পরিণত হয়েছিল। তাঁর ভাষায়, হত্যাকে তিনি “থার্টি ফোর” বা “সানডে মানডে ক্লোজ” বলে উল্লেখ করতেন।’
হেলাল উদ্দিন বলেন, ‘মশিউর রহমান সম্রাট তাঁর আসল নাম নয়, তাঁর প্রকৃত নাম ভিন্ন। নিজেকে নিরাপদ রাখতে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। তাঁর বাড়িও সাভারে নয়। হয়তোবা অন্য কোনো স্থানে আরও কোনো অপরাধ করে তিনি সাভারে এসে আস্তানা গেড়েছিলেন এবং ভবঘুরে জীবন বেছে নিয়েছিলেন। তবে শিগগিরই তাঁর আসল নাম ও পরিচয় জানা যাবে।’
হেলাল উদ্দিন আরও বলেন, ‘সাভারে আসার পর ভবঘুরে ওই সিরিয়াল কিলার বেশির ভাগ রাত কাটিয়েছেন সাভার বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদে। ২০২৫ সালের ৪ জুলাই আসমা বেগম নামের এক বৃদ্ধকে হত্যার পর তিনি পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে চলে আসেন এবং ওই সেন্টারের নিচতলায় আস্তানা গাড়েন। এর পর থেকেই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে একের পর এক লাশ উদ্ধার হতে থাকে। গত পাঁচ মাসে ওই ভবন থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়। এ কারণে পুলিশের পক্ষ থেকে ওই সেন্টারে নিয়মিতভাবে নজরদারি চালানো হতো। সম্রাটও সন্দেহের বাইরে ছিলেন না। কিন্তু কোনো ক্লু বা প্রমাণের অভাবে তাঁকে আইনের আওতায় আনা যাচ্ছিল না।’
হেলাল উদ্দিন জানান, নজরদারির অংশ হিসেবে গত শুক্রবার রাতে কমিউনিটি সেন্টার পরিদর্শনে গিয়ে এক কিশোরীকে সম্রাটের (ছদ্মনাম) বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে। এ সময় সম্রাট পাশেই দাঁড়িয়ে ছিলেন। জানতে চাইলে ওই কিশোরী সম্রাটকে তাঁর ভাই বলে সম্বোধন করেন এবং তিন দিন আগে কমিউনিটি সেন্টারে এসেছেন বলে জানিয়েছিলেন। পরের রাতেই (শনিবার রাত) ওই কিশোরীরসহ দুজনকে হত্যার পর তাঁদের মরদেহ পুড়িয়ে দেন সম্রাট। পরদিন রোববার দুপুরের পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে খুনের সঙ্গে সম্রাটের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ছয় খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
হেলাল উদ্দিন বলেন, ভবঘুরে ওই সিরিয়াল কিলার দিনের বেলায় থানার আশপাশে ঘোরাফেরা করলেও গভীর রাতে তাঁর দেখা মিলত ঢাকা-আরিচা মহাসড়ক বা পদচারী-সেতুতে। যেসব ভবঘুরে বা পাগল নারী-পুরুষ রাতে পদচারী-সেতুতে ঘুমাতেন, তাঁদের কাউকে কাউকে ফুসলিয়ে তিনি পৌর কমিউনিটি সেন্টারে নিয়ে আসতেন। যাঁরা তাঁর কথায় কমিউনিটি সেন্টারে আসতেন, তাঁরাই খুনের শিকার হতেন।
জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খুনি ধরা পড়েছেন এবং খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন। এখন ভিকটিম, অর্থাৎ যাঁরা খুন হয়েছেন, তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
আরমান আলী আরও বলেন, ‘শুধু এই ছয় খুনই নয়, সম্রাট আরও কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন। তদন্ত চলছে। আশা করি, সব তথ্য বের হয়ে আসবে।’

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানায় করা মানব পাচার আইনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন।
১২ মিনিট আগে
চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র এবং শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। কালুরঘাট বেতারকেন্দ্র ও জিয়া স্মৃতি জাদুঘরকে সমন্বিত ব্যবস্থাপনায় আনার বিষয়টি বিবেচনাধীন রয়েছে, বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
১৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য বেলা ১১টার দিকে বিবদমান দুই পক্ষ সালিস বৈঠকে বসে। বৈঠকে রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. চান্দুর অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২১ মিনিট আগে
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে ঝলসে যাওয়া মাদ্রাসার শিক্ষার্থী মতিউর রহমানের (২৩) বাড়ি পরিদর্শন করেছে পুলিশের বোম ডিসপোজল টিমের সদস্যরা। আজ মঙ্গলবার ঢাকা থেকে টিমের সদস্যরা উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে সেখানে একটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু নিষ্ক্রিয় করা হয়।
২৯ মিনিট আগে