
পুকুরের পানি ঘোলা। তলার কাদা নরম। হাতড়ে খুঁজলেও কিছুই চোখে পড়ে না। চারপাশে উদ্বিগ্ন মানুষের ভিড়। কারও নাকফুল, কারও কানের দুল, আবার কারও গলার চেইন হারিয়েছে পানিতে। এমন খবর পেলেই কাঁধে লোহার আঁচড়া আর অদ্ভুত আকৃতির বিশেষ ঝুড়ি ‘ঝাঁই’ নিয়ে হাজির হন ইস্রাফিল সরদার। জলাশয়ের অন্ধকার তলদেশের কাদা ঘেঁটে হারানো সোনা-রুপার গয়না খুঁজে বের করাই তাঁর কাজ।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকার বেদে বহরে থাকেন ৫৪ বছর বয়সী ইস্রাফিল। প্রায় ৩৮ বছর ধরে পুকুর, ডোবা ও জলাশয়ে হারানো গয়না খুঁজে বেড়াচ্ছেন তিনি। তাঁর দাবি, বর্তমানে এই বহরে থাকা ১৬টি বেদে পরিবারের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি স্বর্ণডুবুরি পেশা ধরে রেখেছেন। আশপাশের বেদে বহরের নারী-পুরুষও তাঁর কথায় সায় দেন।
হারিয়ে যাওয়া স্বর্ণের গয়না খোঁজাই ইস্রাফিলের মূল পেশা। স্বর্ণডুবুরি নামে পরিচিত হলেও স্থানীয়ভাবে এই কাজকে বলা হয় ‘পুকুর ঝাড়ানি’। ফকিরহাট উপজেলার যেকোনো এলাকায় পানিতে সোনা-রুপার গয়না হারানোর খবর পেলেই ডাক পড়ে তাঁর।
বেদে সম্প্রদায়ের সবার পেশা এক নয়। গোত্রভেদে তাঁদের পেশারও ভিন্নতা রয়েছে। ইস্রাফিলের ভাষ্য, পানিতে হারানো গয়না খোঁজার কাজটি শান্দার বেদের কুড়িন্দা উপগোত্রের মানুষের মধ্যে প্রচলিত। তিনি এ উপগোত্রেরই সদস্য। ‘বাংলাদেশের বেদে জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয়’ বইয়ের তথ্যেও এর সত্যতা মেলে।
গয়না খোঁজার সরঞ্জামও আলাদা। বাঁশের লম্বা হাতলের সঙ্গে থাকে লোহার আঁচড়া। সঙ্গে থাকে বাঁশ ও প্লাস্টিক দিয়ে তৈরি ত্রিকোণাকৃতির বিশেষ ঝুড়ি, যাকে বলা হয় ‘ঝাঁই’। পানিতে গয়না যেখানে পড়েছে, সেই জায়গার তলা থেকে আঁচড়া দিয়ে কাদা টেনে আনেন ইস্রাফিল। এরপর ঝাঁইয়ে কাদা তুলে বারবার পানিতে ধুতে থাকেন। কাদা সরে গেলে তলদেশের মাটি থেকে বেরিয়ে আসে কাঙ্ক্ষিত গয়নার ঝিলিক—যদি ভাগ্য সহায় হয়।
ইস্রাফিল বলেন, ‘পানিতে নিশ্চিতভাবে হারালে পাওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু গয়নাটা আসলে কোথায় পড়েছে, সেটাই যদি ঠিক না হয়, তাহলে খুঁজে পাওয়া কঠিন।’
কখনো ঘণ্টার পর ঘণ্টা কাদা ঘেঁটেও কিছু মেলে না। আবার কোনো দিন অল্প সময়ের মধ্যেই ঝাঁইয়ের ভেতর চকচক করে ওঠে হারানো সোনার দুল কিংবা নাকফুল। তাই তাঁর কাছে এ পেশা অনেকটা ‘লটারির’ মতো। গয়না মিললে ভালো পারিশ্রমিক, না মিললে মেলে সামান্য শ্রমমূল্য।
হারানো গয়না উদ্ধারের আগে সাধারণত মালিকের সঙ্গে পারিশ্রমিকের চুক্তি হয়। ইস্রাফিল জানান, এক ভরি সোনা পাওয়া গেলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পান। গয়না খুঁজে না পেলে কেউ কেউ দুই-তিনশ টাকা দেন।

তবে এ অনিশ্চিত আয়ে সংসার চালানো কঠিন। তাই গয়না খোঁজার কাজ না থাকলে মালা, কড়ি ও মাদুলি বিক্রি করেন ইস্রাফিল। মাঝে মধ্যে সাপ ধরার ডাকও পান। তাঁর ভাষ্য, স্বর্ণডুবুরি তাঁর মূল পেশা হলেও পুকুর-জলাশয় কমে যাওয়া এবং মানুষের জীবনযাত্রার পরিবর্তনের কারণে এ কাজ এখন অনেক কমে গেছে। মাসের বড় একটি সময় কর্মহীন থাকতে হয়। এ কারণে তাঁর সঙ্গে থাকা অন্যরা একে একে এ পেশা ছেড়ে দিয়েছেন।
ইস্রাফিল বলেন, ‘গ্রামগঞ্জে পুকুরের সংখ্যা কমেছে ঠিকই, তবে তার চেয়ে বেশি পরিবর্তন হয়েছে মানুষের রুচিতে। এখন মানুষ পুকুরে ডুব দিয়ে গোসলের বদলে বাথরুম বা টিউবওয়েলে গোসল করে। আর স্বর্ণের বদলে ইমিটি সোনার গয়না পরে। ফলে গয়না হারিয়ে স্বর্ণডুবুরিদের খুঁজে বেড়ানোর ঘটনা এখন কালে-ভাদ্রে ঘটে। তবু পূর্বপুরুষের পেশা আঁকড়ে ধরে আছি এক অজানা টানে।’
ইস্রাফিলের মতো একসময় এ পেশায় ছিলেন কাটাখালীর বেদে বহরের প্রবীণ ফজল আলীও। তিনি বলেন, আগে তাঁরা দলবল নিয়ে নৌকায় এক ঘাট থেকে অন্য ঘাটে ঘুরে বেড়াতেন। এখন উজানের অনেক নদী মরে মাঠ হয়েছে। ভাটির দিকে ঝড়-ঝঞ্ঝার সময় আশ্রয়ের জন্য খালে ঢোকারও সুযোগ নেই। বিভিন্ন খালে বাঁধ ও স্লুইসগেট নির্মাণের কারণে নৌযাতায়াতেও বাধা তৈরি হয়েছে। ফলে নৌকা ছেড়ে লোকালয়ে আশ্রয় নিয়েছেন তাঁরা।
প্রায় ১০ বছর আগে স্বর্ণডুবুরির কাজ ছেড়েছেন ফজল আলী। এখন কাটাখালী মোড়ে তাবিজ-কবজ ও গাছগাছড়া বিক্রি করেন।
ইস্রাফিলের স্থায়ী বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খড়িয়া গ্রামে। তবে নিজেকে বৃহত্তর বিক্রমপুরের মানুষ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। জীবিকার প্রয়োজনে একসময় বাগেরহাট, মোংলা, পিরোজপুর ও বরিশালের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। গত ১৮ বছর ধরে ফকিরহাটের কাটাখালী মহাসড়কের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা বেদে ঝুপড়িতে বসবাস করছেন তিনি।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফুল কামাল কারিম বলেন, ‘গ্রামবাংলার জলাশয়ে হারানো অলংকার উদ্ধারের এই দক্ষতা শুধু একটি জীবিকা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বেদে সম্প্রদায়ের কয়েক প্রজন্মের অভিজ্ঞতা ও ঐতিহ্য। জলাশয় কমার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে সেই দক্ষতারও ব্যবহার।’
কাটাখালীর বেদে বহরে এখন স্বর্ণডুবুরি হিসেবে কাজ করছেন শুধু ইস্রাফিল। কোথাও পানিতে গয়না হারানোর খবর পেলেই কাঁধে আঁচড়া, হাতে ঝাঁই নিয়ে ছুটে যান তিনি। ঘোলা পানির নিচে কাদার স্তর ঘেঁটে শুরু করেন হারানো গয়নার খোঁজ।
এভাবেই পূর্বপুরুষের পেশা আঁকড়ে ধরে আছেন ৫৪ বছরের ইস্রাফিল। আর গ্রামগঞ্জের পথে তাঁর কণ্ঠে ভেসে আসে সেই পুরোনো হাঁক—‘সোনা খুঁজি, রুপা খুঁজি।’

চট্টগ্রাম নগরীতে তৃতীয় লিঙ্গের একটি অংশের নেত্রী মৌসুমি হিজড়াকে (৫২) শ্বাসরোধে হত্যার অভিযোগে আব্দুল মোমেন ওরফে রনি শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, টাকা চেয়ে না পেয়ে মৌসুমিকে হত্যা করেন রনি।
১ ঘণ্টা আগে
চিঠিতে এমপি হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবিদ্বারের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন। ওই প্রতিবেদন পর্যালোচনায় তিনি দাবি করেন, উপজেলার কোনো বেসরকারি হাসপাতালই সরকার নির্ধারিত বাধ্যতামূলক
২ ঘণ্টা আগে
কালের বিবর্তনে সেই কাচারি ঘর এখন বিলুপ্তির পথে। কোনো কোনো বাড়িতে এখনো পুরোনো কাচারি ঘর দেখা গেলেও সেগুলো পড়ে আছে অযত্ন ও অবহেলায়। নেই সেই চিরচেনা শিক্ষার্থীদের পড়ার আওয়াজ, রাতের জারিগান, লুডু খেলা কিংবা অতিথিদের গল্প-আড্ডা।
৩ ঘণ্টা আগে
নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তা গাড়ি’র ধাক্কায় মুস্তাফিজুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার লালপুর ইউনিয়নের ছয় রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে