গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগে গুদাম ও ঝুটের মালামাল পুড়ে গেছে। আজ সোমবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী জানান, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তাঁরা আগুনের খবর পান। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার পর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. ময়নুর রহমান জানান, চারটি ইউনিটের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছিল।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে জানা যাবে বলে জানান মো. ময়নুর রহমান।









