
রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগারভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হলেও অধিকাংশ হিমাগারে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকর করতে হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।
আজ সোমবার দুপুর ২টার দিকে পবা উপজেলার তকিপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। এ সময় সমিতির সভাপতি মো. আহাদ আলীসহ আলুচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ইফতেখারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহীর আলুচাষি, ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের জরুরি সভায় প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৬ টাকা থেকে কমিয়ে ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়।
ইফতেখারুল বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্তের চিঠি পাওয়ার পর কিছু হিমাগার নতুন নির্ধারিত ভাড়া নেওয়া শুরু করেছে। এ জন্য তাঁদের ধন্যবাদ জানানো হয়েছে। তবে রাজশাহীর প্রায় ৪০টি হিমাগারের মধ্যে অধিকাংশেই এখনো ৫ টাকা ৭৫ পয়সা ভাড়া কার্যকর হয়নি।
দ্রুত জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া কার্যকর করার জন্য হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে গত ২৬ জুলাই আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণে গঠিত রাজশাহী জেলা কমিটি প্রতি কেজি আলুর জন্য ৫ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণের সুপারিশ করে। ওই সুপারিশ বাস্তবায়নের দাবিতে আলুচাষি ও ব্যবসায়ীরা আন্দোলনে নামেন।
পরে গত ৩১ আগস্ট কৃষি বিপণন অধিদপ্তর সারা দেশের হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারণ করে। তবে রাজশাহীর ভৌগোলিক ও উৎপাদন পরিস্থিতি বিবেচনায় জেলা কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত থাকে।
ভাড়া নিয়ে বিরোধের মধ্যে গত ২১ সেপ্টেম্বর পবা উপজেলার দৌলতপুর এলাকার রহমান সিডস কোল্ড স্টোরেজে দুই পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহাদ আলীও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
ওই ঘটনার পর গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে হিমাগারের ভাড়া ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সভা হয়। সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণের কথা জানান।
সংবাদ সম্মেলনে ইফতেখারুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত সব পক্ষকে মেনে চলতে হবে। কোনো ব্যবসায়ী, কৃষক কিংবা হিমাগার মালিক নির্ধারিত নিয়মের ব্যত্যয় ঘটালে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। ব্যবসায়ী বা কৃষকের পক্ষ থেকে নিয়মের ব্যত্যয় ঘটলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কোনো হিমাগার মালিকও নির্ধারিত ভাড়া কার্যকর না করলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তাঁরা আশা করেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আলুর হিমাগারভাড়া দ্রুত কার্যকর হবে বলে তিনি আশা করছেন। ইতিমধ্যে জরুরি সভার কার্যবিবরণী ও সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাজশাহী জেলা কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার আলী ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক আলমগীর শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকচালককে আটক এবং ট্রাক জব্দ করেছে পুলিশ।
৪ মিনিট আগে
হত্যাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে খুলনার রূপসা উপজেলার মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩১ মিনিট আগে
পদ্মা নদীতে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় আবারও গোলাগুলি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের পদ্মার চরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মিনারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
৩৩ মিনিট আগে