
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে মাটি কাটা ও ইটভাটার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১টায় ইউনিয়নের আকবরনগর এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কাউকে আটক করা হয়নি।
ফতুল্লা থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়দের ভাষ্য, বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবৈধভাবে মাটি কাটা ও ইটভাটার চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এক পক্ষে রয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সামেদ আলী। অন্য পক্ষে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি খবির মিয়া।
স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এসব ইটভাটা ও মাটি কাটার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। গণ-অভ্যুত্থানের পর ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণ শুরু করেন হালিম আজাদ ও খবির মিয়ার লোকজন।
সম্প্রতি নজরুল প্রধানের সঙ্গে যোগাযোগ করে এলাকায় ফেরেন শওকত আলীর ঘনিষ্ঠজন সামেদ আলী। এরপরই ইটভাটা ও মাটি কাটার সিন্ডিকেট নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
আজ দুপুরে হালিম আজাদ ও খবির মিয়া দলবল নিয়ে সামেদ আলীর এলাকা আকবরনগরে মহড়া দিতে যান বলে স্থানীয়দের দাবি। এ সময় নজরুল প্রধান ও সামেদ আলীর লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে সামেদ আলীর ছোট ছেলে হৃদয় গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ হৃদয় বলেন, ‘আমি বাসা থেকে বের হয়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলাম। পথিমধ্যে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং হালিম আজাদ তাঁর কাছে থাকা পিস্তল দিয়ে আমাকে গুলি করেন। পরে আশপাশের লোকজন আমাকে খানপুর হাসপাতালে নিয়ে আসে।’
সংঘর্ষের বিষয়ে নজরুল প্রধান ও হালিম আজাদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা সাড়া দেননি।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, ‘আমি শুনতে পেয়েছি নজরুল প্রধান এক জায়গায় প্রোগ্রাম করছিলেন। সেখানে হালিম আজাদ ছেলেটা দলবল নিয়ে গেছে, তাঁর সঙ্গে নাকি আওয়ামী লীগের নেতাও উপস্থিত ছিলেন। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি নজরুলকে ফোন দিয়েছি, কিন্তু সে আমার ফোন ধরেনি। বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।’
বক্তাবলীতে একের পর এক ঘটনার বিষয়ে দলের সিদ্ধান্ত জানতে চাইলে শহীদুল ইসলাম টিটু বলেন, ‘আমরা এবার ছাড় দেব না। এর আগে এনসিপির সঙ্গে একটা ঝামেলা হয়েছিল। সেই ঘটনায় মামলাও হয়েছে। পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে। আজকের ঘটনায় আমরা তদন্ত করব। যে দোষী, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এর আগে ২৮ সেপ্টেম্বর রাতে মাটি কাটা নিয়ে প্রতিবাদ করায় জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠে বিএনপি নেতা হালিম আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। ওই ঘটনার ১২ দিনের মাথায় আবারও সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামিম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু প্রতিরোধ ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঝালকাঠিতে সচেতনতামূলক র্যালি ও বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার পরিচালিত এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখার দায়ে চারটি মামলায় মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ মিনিট আগে
সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ১৯ দিন ধরে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীদের শাটডাউন ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। ১১ ও ১২ অক্টোবর উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. আরাফাত রহমান।
১৯ মিনিট আগে
আসন্ন ঈদের আগেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নির্মাণাধীন বাস-বে, যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজের কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ...
৪৪ মিনিট আগে
নাফিজের পরিবার চট্টগ্রাম নগরে বসবাস করে। দুই দিন আগে তাঁরা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে নামাজ শেষে নাফিজ পুকুরে গোসল করতে নামেন। সাঁতার না জানায় পানিতে ডুবে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে