Ajker Patrika

ইবিতে প্রেমিক যুগল আটক, আজ বিয়ে

ইবি প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৮
ইবিতে প্রেমিক যুগল আটক, আজ বিয়ে
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্জন স্থানে দুই শিক্ষার্থীকে স্থানীয়রা আটক করার পর ঘটনার মোড় নেয় ভিন্ন দিকে। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হলে উভয়েই বিয়েতে সম্মতি দেন। পরিবারের উপস্থিতিতে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) তাঁদের বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি মেসের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক ওই ছাত্র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবং ছাত্রী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁদের নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাঁদের প্রক্টর অফিসে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী কয়েক মাস ধরে নিয়মিত ওই এলাকায় বসতেন। তাঁদের গতিবিধি লক্ষ করার পর শুক্রবার রাতে স্থানীয়রা তাঁদের আটক করেন। পরে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তাঁদের প্রক্টর অফিসে নেওয়া হয়। এ সময় ওই ছাত্রকে স্থানীয়রা চড়-থাপ্পড় মারেন বলেও অভিযোগ রয়েছে।

প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদের সময় দুই শিক্ষার্থী বিষয়টি স্বীকার করে বিয়েতে সম্মতি জানান। পরে তাঁদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে শনিবার তাঁদের বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয় প্রক্টরিয়াল বডি।

মুচলেকায় ওই দুই শিক্ষার্থী উল্লেখ করেন, ‘আপত্তিকর অবস্থায় আমরা ধরা পড়ি। পরে প্রক্টরিয়াল বডি আমাদের উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা আমাদের মারধর এবং টাকা দাবি করেন। পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি স্বীকার করে। পরে তারা বিয়েতে সম্মতি জানায়। তাদের বাবা-মাকে ডেকে এনে বিয়ের ব্যবস্থা করা হবে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। মেয়েটি যে মেসে থাকে, সেই মেস মালিককেও তলব করা হবে। কারণ, রাত সাড়ে ৮টার মধ্যে মেসগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত