
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মোরশেদ আলম ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী। তিনি ফেনী পলিটেকনিক শাখা শিবিরের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, মোরশেদ আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করে একটি পোস্ট দেন। বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে এলে সোমবার রাতে তাঁরা কলেজের হোস্টেল থেকে তাঁকে আটক করে কলেজ প্রশাসনকে খবর দেন।
পরে কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী অভিযোগের দায় স্বীকার করেন এবং এ ঘটনায় সবার কাছে ক্ষমা চান। পরে তাঁকে পুলিশের হেফাজতে দেওয়া হয়।
ফেনী পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক রুবেল মোঘল বলেন, ‘আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম। বিষয়টি শিক্ষার্থীরা আমাকে জানায়। তাৎক্ষণিক ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেছি। বিষয়টি স্যারদের জানালে তাঁরা এসে পুলিশকে খবর দেন।’
শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘আদিব আমার সহপাঠী। সে যেভাবে আমাদের সহপাঠী বোনদের নিয়ে অশালীন মন্তব্য করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার বহিষ্কার দাবি করছি।’
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ রূপক কান্তি বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীও আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সে তার ফেসবুকে আমাদের নারী শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষকে নিয়ে অশালীন মন্তব্য করে পোস্ট করেছে। বিষয়টি কলেজের শৃঙ্খলার পরিপন্থী। জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে।’ তিনি বলেন, ‘তার ভবিষ্যতের কথা বিবেচনা করে কোনো মামলা বা অভিযোগ দেওয়া হচ্ছে না। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে। এ কারণে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’
উপাধ্যক্ষ আরও বলেন, এ ঘটনায় কলেজ প্রশাসন মঙ্গলবার সকালে সভা করবে। সভায় তাঁর বিরুদ্ধে কঠোর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া গ্রামের কৃষক লিটন মণ্ডল একই জমিতে ‘নয়ন কাজল’ জাতের বেগুন ও সাথি ফসল হিসেবে লাউ চাষ করে সাফল্য পেয়েছেন। বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষ করে স্বল্প খরচে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় তাঁর মুখে এখন তৃপ্তির হাসি।
৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে
৩৫ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৯ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে