Ajker Patrika

মনপুরায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

মনপুরা (ভোলা) প্রতিনিধি
মনপুরায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
প্রতীকী ছবি

ভোলার মনপুরায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১৫) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুর ১২টার দিকে গ্রেপ্তারকৃত কিশোরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার সময় শিশুটি চিৎকার করলে তার মা সেখানে গিয়ে শিশুটিকে দেখতে পান। এ সময় শিশুটির পরনের পায়জামায় রক্তের দাগ দেখতে পান বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটির মা বিষয়টি প্রতিবেশীদের জানালে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হয়।

তবে ঘটনার পর তিন দিন অতিবাহিত হলেও কোনো সুরাহা না হওয়ায় শিশুটির মা মনপুরা থানায় বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত