
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ে যাওয়ার সময় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত যুবকের নাম মাহাবুর রহমান (২৪)। তিনি নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে। মাহাবুব মানসিকভাবে বিকারগ্রস্ত দাবি পরিবারের।
নাগেশ্বরী দয়াময়ি (ডিএম) পাইলট একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, আজ পৌনে ১০টার দিকে বিদ্যালয়ে আসার পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর রহমান ওই শিক্ষার্থীর শ্লীলতাহানি করে। এ সময় আশপাশের লোকজন তাঁকে আটক করে বেঁধে রেখে মারধর করে। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে আসে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবককে একটি খুঁটির সঙ্গে বেঁধে কয়েকজন মারধর করেন। ভুক্তভোগী শিক্ষার্থীও ওই যুবককে জুতাপেটা করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ওই যুবককে হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে ডিএম একাডেমি স্কুলে নেওয়া হয়। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর সহকারী কমিশনার (ভূমি) সেখানে উপস্থিত হন। পরে প্রধান শিক্ষকের কক্ষে বসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত নাগেশ্বরী থানা উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে ওই যুবককে খুঁটিতে বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে আনার পর ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়।’
মাহবুরের বড় ভাই মাইদুল ইসলাম বলেন, ‘মাহবুর প্রায় চার বছর ধরে মানসিক রোগে ভুগছে। রংপুরের এক ডাক্তারের কাছে তার চিকিৎসা চলছে। আমাদের কাছে চিকিৎসাপত্রও আছে। কিন্তু এসিল্যান্ড আমাদের কোনো কথাই শোনেননি।’
‘ভাইকে সাজা দেওয়ার আগে বেঁধে রেখে মারধর করা হয়েছে। এর বিচার কার কাছে চাইব?’ —প্রশ্ন রাখেন মাইদুল।
এ দিকে ঘটনাস্থলে না থেকে ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন আইনজীবীরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা দিয়ে অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ করা উচিত ছিল বলে তাঁদের মত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, ‘আমার সামনে অপরাধ সংঘটিত না হলেও আমি ঘটনা উদ্ঘাটন করেছি যা মোবাইল কোর্ট আইনের এখতিয়ারভুক্ত। সুতরাং এখানে আইনের লঙ্ঘন হয়নি। ওই যুবককে মারধর করা হয়েছে কি-না আমার জানা নেই।’
ঘটনার দেড় ঘণ্টা পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায় কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘কতক্ষণ পর করেছি সেটা বিষয় নয়, আমি সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট করেছি। স্কুলের সামনের ঘটনা হওয়ায় প্রধান শিক্ষকের কক্ষে কোর্ট পরিচালনা করা হয়েছে।’
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু বলেন, ‘মোবাইল কোর্ট আইনে স্পষ্ট বলা হয়েছে—ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করবার সময় তাঁর সম্মুখে সংঘটিত বা উদ্ঘাটিত অপরাধ হতে হবে।’
দুলু বলেন, ‘এসিল্যান্ডের সামনে কোনোটাই ঘটেনি। জনতা ও পুলিশ আসামিকে আটক করেছে। তিনি অভিযানেও ছিলেন না। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর তাঁর এই সাজা প্রদান আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অসদাচরণ। তিনি ওই আসামিকে যে জেল দিয়েছেন সেটা অবৈধ আটক। এ জন্য সংক্ষুদ্ধ ব্যক্তি যে কোনো সময় তাঁর বিরুদ্ধে মামলা করতে পারবেন।’

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৩৮) নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রামু থানা পুলিশ।
৩ মিনিট আগে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা সাগরপাড় বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩ মিনিট আগে
জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় লাইলী বেগম ওরফে ফাতেমা হত্যার ঘটনায় ১৮ বছরের সম্পর্ক ও বিয়ে নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার পল্লবী থেকে আফছার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১০ মিনিট আগে