Ajker Patrika

ফুলবাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসে রথযাত্রা অনুষ্ঠিত, ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
ফুলবাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসে রথযাত্রা অনুষ্ঠিত, ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল
উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে আগত নানা বয়সী ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে। ছবি: আজকের পত্রিকা

ভক্তি আর উৎসবের আমেজে, নেচে গেয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল নামে। আজ বৃহস্পতিবার রথযাত্রা উদ্‌যাপন কমিটির উদ্যোগে দুপুর ২টায় কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়।

ভক্তরা ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত পরিবেশে রথ টেনে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রথটি পৌর শহরের কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে আগত নানা বয়সী ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।

রথযাত্রা শেষে কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ, ভজন-কীর্তন, ভক্তিমূলক সংগীত পরিবেশন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসবকে কেন্দ্র করে রঙিন ও ঐতিহ্যবাহী পোশাকে ভক্তদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও বর্ণিল ও দৃষ্টিনন্দন করে তোলে।

ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়প্রকাশ গুপ্ত এবং শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার মল্লিক বলেন, ‘ফুলবাড়ীর রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। প্রতি বছর হাজারো ভক্তের অংশগ্রহণে এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এবারের রথযাত্রাতেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভক্তি আমাদের মুগ্ধ করেছে।’

রথযাত্রায় অংশ নেওয়া তরুণী ভক্ত সুবর্ণা রায়, বীথি রায় ও মেঘা গুপ্তা বলেন, রথযাত্রা আমাদের কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আনন্দ, ভক্তি ও মিলনমেলার এক অনন্য উপলক্ষ। প্রতিবছরের মতো এবারও আমরা পরিবার-পরিজন নিয়ে অংশ নিতে পেরে খুবই আনন্দিত। এত মানুষের একসঙ্গে ভক্তিভরে রথ টানা সত্যিই এক অসাধারণ অনুভূতি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ‘রথযাত্রাকে ঘিরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজক ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা তাদের উৎসব উদ্‌যাপন করেছেন।’

উল্লেখ্য, ৮ দিন পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে খোল-করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির থেকে আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। সেদিন ভক্তরা রথ টেনে পুনরায় শ্রীশ্রী কেন্দ্রীয় শিব মন্দিরে নিয়ে যাবেন। সেখানে পূজা, ভজনকীর্তন ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে রথ পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত