
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই বাড়িতে পর পর দুটি অপরাধ সংঘটিত হওয়ায় মনে হচ্ছে এটি সংঘবদ্ধ চক্রের কাজ। ভুক্তভোগী পরিবার মামলা দিলে এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত গতকাল রোববার সকালে। নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার এবং খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ খেয়ে পরিবারের সাতজনের বমি ও পাতলা পায়খানার পর অচেতন হয়ে পড়েন তাঁরা। পরে প্রতিবেশীরা দুপুরে আনোয়ার হোসেন, তাঁর স্ত্রী আনোয়ারা খাতুন, তিন মেয়ে আরিফা বেগম, হামিদা বেগম ও অনামিকা খাতুন এবং আরিফা খাতুনের দুই শিশু সন্তান রওশান ও রায়েতাকে অচেতন অবস্থায় গোপালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, গুরুতর অসুস্থ আনোয়ার হোসেন, আনোয়ারা বেগম, আরিফা খাতুন ও তাঁর দুই শিশু সন্তানকে গত রোববার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ায় হামিদা ও অনামিকাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
খাইরুল ইসলাম আরও জানান, লক্ষণ থেকে বোঝা যাচ্ছিল লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মেশানো হয়েছিল। সেই খাবার খেয়েই সবাই অসুস্থ হয়ে পড়েন।
ভুক্তভোগী আরিফা বেগম জানান, রান্নাঘরে রাখা লবণের পাত্রে কেউ বিষাক্ত বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়েছিল। সেই লবণে রান্না করা খাবার এবং খাবারে অতিরিক্ত লবণ খেয়ে সবাই অচেতন হয়ে পড়ে।
হামিদা বেগমের স্বামী স্কুলশিক্ষক শাওন চৌধুরি জানান, স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে গতকাল রাত নয়টায় শ্বশুর বাড়িতে ফেরেন। সবাই ক্লান্ত থাকায় রাত দশটার মধ্যেই তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বারান্দার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তাঁরা ওয়ার্ডরোব, আলমারি থেকে দুই ভরির স্বর্ণের গয়না, নগদ ৫৭ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং জমিজমার কিছু দলিলপত্র নিয়ে যায়।
শাওন চৌধুরি আরও জানান, ঘরের সবকিছু তছনছ করেছে। দুর্বৃত্তরা যাওয়ার সময় তার ঘুমন্ত স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে পালিয়ে যায় তারা। বাড়িতে চুরি করার জন্যই গত শনিবার রাতে দুর্বৃত্তরা লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রেখেছিল বলে দাবি করেন তিনি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান শাওন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হালিম মিয়া জানান, ইদানীং এক শ্রেণির দুষ্কৃতকারী উপজেলার বিভিন্ন গ্রামে রাতের বেলায় গৃহস্থের রান্না ঘরের লবণের সঙ্গে বিষাক্ত বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। এটিও তেমন ঘটনা বলে তিনি মনে করেন।
গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন বাবু জানান, গতকাল বিকেলে পুলিশ হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে কথা বলে। রাত দশটার দিকে থানার টহল পুলিশ ওই বাড়িতে গিয়ে সকলকে সজাগ থাকার জন্য সতর্ক করে আসেন। আজ সকালে পুলিশ ওই বাড়ি পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র এ কাজ করছে। পারিবারিক শত্রুতা থেকেও এ ঘটনা ঘটতে পারে বলে তিনি বলেন।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুরের হারাগাছ পৌর শহরের চরচতুরা গ্রামের নির্জন সড়কে রাজমিস্ত্রি আবু বক্কর সিদ্দিককে (৩৫) গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ ও পিবিআই। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে