
নেত্রকোনার বারহাট্টায় মসজিদের টাকা আত্মসাৎ ও সড়কের খোয়া লুটের অভিযোগে নুরুল ইসলাম টিপন মিয়া (৫০) নামের ইউনিয়ন বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে।
টিপন মিয়া উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সহসম্পাদক। তিনি একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঝপাড়া এলাকার হাজি আব্দুল করিমের (চান্দু মিয়া) ছেলে।
আজ বুধবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৪ আগস্ট টিপন মিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল স্বাক্ষরিত ওই নোটিশে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগামী ৭২ ঘণ্টার মধ্যে টিপন মিয়াকে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর টিপন মিয়া দলীয় প্রভাব খাটিয়ে গ্রামের মাঝপাড়া জামে মসজিদের সভাপতির পদ দখল করেন। তারপর মসজিদের দান-অনুদানের টাকাপয়সা আত্মসাৎ করেন। নিজের ছোট ভাইয়ের ১৪০ শতক জমি জোর করে দখল করে চাঁদা দাবি করে আসছেন।
সম্প্রতি গ্রামের নির্মাণাধীন পাকা সড়ক থেকে কয়েক গাড়ি ইটের খোয়া লুট করেন টিপন মিয়া। এ ছাড়া দলীয় প্রভাব ব্যবহার করে এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করে আসছেন। এসব বিষয়ে ভুক্তভোগীরা মিলে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ করেন। পরে টিপন মিয়াকে শোকজ করা হয়।
টিপন মিয়ার ছোট ভাই মো. রুকন মিয়া বলেন, ‘আমার ১৪০ শতাংশ জমি জোর করে দখল করে রেখেছেন টিপন। তাঁর কারণে জমিতে চাষাবাদ করতে পারছি না। তাঁকে চাঁদা না দিলে জমি ছাড়বেন না। তাঁর কারণে এলাকার মানুষ অশান্তিতে রয়েছে। এদিকে মসজিদের টাকা আত্মসাৎ, সড়কের ইটের খোয়া লুট, চাঁদাবাজিসহ এমন কোনো কাজ নেই তিনি করছেন না।’
মল্লিকপুর মাঝপাড়া মসজিদ কমিটির সদস্য নিজাম উদ্দিন বলেন, টিপন নিজে নামাজ না পড়লেও গত বছরের ৫ আগস্টের পর দলীয় প্রভাবে মসজিদ কমিটির সভাপতি বনে যান। মসজিদের একটি বড় পুকুর রয়েছে, এটি ৩ লাখ টাকায় লিজ দেওয়া হতো। টিপন সভাপতি হয়ে নিজেই পুকুরটি লিজ নেন। তবে টাকাপয়সা কোনো কিছুই দেননি। এ ছাড়া দান-অনুদানের টাকার কোনো হিসাব নেই।
সিংধা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজহারুল ইসলাম ইনচান বলেন, ‘দলের নাম ভাঙিয়ে এমন কোনো অপকর্ম নেই, যা টিপন করেননি। চাঁদাবাজি, জোর করে জমি দখল, মসজিদের টাকা আত্মসাৎ, সড়কের ইটের খোয়া লুট, নদীর টাকা আত্মসাৎসহ সব অপকর্ম তিনি করছেন। এতে দলের বদনাম হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতারা ব্যবস্থা নেবেন বলে আশা রাখছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত টিপন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, ‘টিপন মিয়ার বিরুদ্ধে মসজিদ ও নদীর টাকা আত্মসাৎ, সড়কের ইটের খোয়া লুট, জোর করে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ পেয়েছি। তাই তাঁকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, অপকর্ম করে কেউ পার পাবেন না। দলের সুনাম নষ্ট হয়, এমন কাজ করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

যশোর জেলার ৮৯টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে হাম শনাক্ত করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। কিন্তু আক্রান্ত রোগীদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ জনের মধ্যে ১৭ জনের বয়স ৯ মাসের কম। অপর চারজনের বয়স এক বছরের বেশি। ৯ মাসের কম বয়সী শিশুদের এমন
৩ ঘণ্টা আগে
হামলা ও ভাঙচুরের ঘটনার পর মৌলভীবাজারের কমলগঞ্জে ডানকান ব্রাদার্সের ক্যামেলিয়া হাসপাতাল চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই এলাকার চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের পর এলাকা ছেড়ে পালানো অপরাধীরা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তারা আশপাশের পাহাড়ে ঘাঁটি গেড়ে অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
৪ ঘণ্টা আগে
স্বপ্নের ইউরোপের আশায় লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া অভিবাসনপ্রত্যাশী সুনামগঞ্জের তরুণের সংখ্যা আরও বাড়ছে। এবার জানা গেল এই জেলার ১০ জন নয়, ১২ তরুণের মৃত্যু হয়েছে।
৬ ঘণ্টা আগে