Ajker Patrika

শিশু অপহরণের চেষ্টা উদ্বেগে অভিভাবকেরা

  • একই দিনে দুই শিশুকে অপহরণের চেষ্টা।
  • জড়িতদের বিষয়ে এখনো কিছু জানে না প্রশাসন।
রিমন রহমান, রাজশাহী
শিশু অপহরণের চেষ্টা উদ্বেগে অভিভাবকেরা
প্রতীকী ছবি

রাজশাহীর পবায় একের পর এক শিশু অপহরণ-চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে আতঙ্কিত অভিভাবকেরা। গত রোববার পারিলা ও কাটাখালীর নওদাপাড়া এলাকায় একই দিনে দুই শিশুকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক অভিভাবক থানায় অভিযোগ দিয়েছেন। তবে কারা এর সঙ্গে যুক্ত সে বিষয়ে কিছু জানে না প্রশাসন।

অভিযোগ অনুযায়ী, রোববার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যাচ্ছিল তামিম। তখন একটি সাদা মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে ছুরি দেখিয়ে তামিমকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তামিম দৌড়ে ফেনু নামের স্থানীয় এক ব্যক্তির কাছে গিয়ে আশ্রয় নেয়। তিন বছর আগে নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে আরও একবার তামিমকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করেন তার বাবা।

একই দিন পারিলা উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে মাহির শাহরিয়ার (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা সবুজ ইসলাম। তিনি জানান, রোববার স্কুলে একটি অনুষ্ঠান ছিল। এ জন্য সকালে সে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মাহিরকে তুলে নেওয়ার চেষ্টা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি পারিলা ইউনিয়নের তরফপারিলা গ্রাম থেকে আসাদুল্লাহ গালিব নামের এক কিশোর ও পারিলা থেকে মো. আরাফাত নামের এক শিশুকে অপহরণের চেষ্টা করা হয়। গালিবের বাবার নাম শফিউর রহমান। আর আরাফাতের বাবার নাম নীলবর আলী। নীলবরের বাড়ি পার্শ্ববর্তী হরিয়ান ইউনিয়নের রণহাট এলাকায়। তাঁর ছেলে আরাফাত পারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানতে চাইলে পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ জানান, এসব ঘটনা তিনিও শুনেছেন। সবশেষ সবুজের ছেলে তামিমকে অপহরণের চেষ্টার কথা শুনে গ্রাম পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্যকে তার বাড়ি যেতে বলেছেন। তিনিও যাবেন।

পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, ‘শিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে এমন কোনো ঘটনা আমার জানা নেই।’ তবে রোববার একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন কাটাখালী থানার ওসি মো. নুরুজ্জামান। তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি। বিষয়টি রহস্যজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত