‘এ শহর না আমায় ধারণ করতে পারবে, না পারবে উপেক্ষা করতে’, কৌস্তভ বকশীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শহর কলকাতা সম্পর্কে এভাবেই বলেছিলেন ঋতুপর্ণ ঘোষ। সময়ের সবচেয়ে সাহসী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তিনি ছিলেন একজন। এ জন্য তাঁকে মূল্য দিতে হয়েছে অনেক বেশি। প্রথার বাইরে যাপন এবং নির্মাণ করতে গিয়ে লড়তে হয়েছে অবিরাম। ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর ৯ বছর পেরিয়ে এসে দেখা যাচ্ছে, তাঁর কথাই সত্যি হয়েছে। কলকাতা শহর, এমনকি সমগ্র বাংলাভাষী অঞ্চল তাঁকে ফেলে দিতে পারেনি; বরং সময়ের সঙ্গে তাঁর চলচ্চিত্রের এবং নিজের—দুটোরই কদর বেড়েছে।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতাদের অন্যতম ঋতুপর্ণ ঘোষকে নিয়ে সম্প্রতি প্রকাশ পেয়েছে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ—‘ঋতুপর্ণ ঘোষ: চলচ্চিত্র, জীবন ও সাক্ষাৎকার’। তরুণ গবেষক নাফিস সাদিকের লেখা এ বইটিতে রয়েছে ঋতুপর্ণ ঘোষের নির্বাচিত কয়েকটি চলচ্চিত্রের বিশ্লেষণ, তাঁর জীবন, অভিনয়, উপস্থাপনা ও পত্রিকা সম্পাদনা নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার।
১৯৯২ সালে শিশুতোষ ছবি ‘হীরের আংটি’র মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রেখেছিলেন ঋতুপর্ণ ঘোষ। ২০১৩ সালে মৃত্যুর আগপর্যন্ত ২১ বছরে তিনি নির্মাণ করেছেন মোট ২০টি চলচ্চিত্র। জীবদ্দশায় মোট ১৩ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, বাংলা ও মৈথিলী ভাষায় লিখেছেন অনন্য সব গান, উপস্থাপনা করেছেন দুটি তুমুল জনপ্রিয় আলাপচারিতার অনুষ্ঠানের। ঋতুপর্ণ ঘোষ ও সৃষ্টিজগৎকে লেখক গভীরভাবে বুঝতে চেয়েছেন এ বইয়ে। শুরুতে বইয়ের ভূমিকায় অল্প কথায় তুলে ধরেছেন বইটি লেখার পেছনে তাঁর অনুপ্রেরণা, পাণ্ডুলিপি প্রস্তুত থেকে বই প্রকাশে দীর্ঘ যাত্রা এবং সহজ অথচ গভীর আলোচনার দিকে পাঠককে ধাবিত করার প্রয়াসের কথা।
‘ঋতুর উনপঞ্চাশ বছর’ শিরোনামে প্রথম অধ্যায়ে দেখানো হয়েছে ঋতুপর্ণ ঘোষের জীবনের রূপরেখা। তাঁর ছবির কেন্দ্রবিন্দু ও জনপ্রিয়তার উৎস অনুসন্ধান করতে গিয়ে লেখক যথার্থই লিখেছেন, ‘ঘটনার ঘনঘটায় নয়; বরং অনুভবের গভীরতায় প্রবেশ করার প্রবল শক্তি ছিল তাঁর। এ জন্য সময়ের সঙ্গে একটি স্বতন্ত্র দর্শকশ্রেণি তৈরির পাশাপাশি মধ্যবিত্ত বাঙালির হৃদয়ে আলাদাভাবে প্রভাব রেখে গেছেন তিনি।’ এখানে শৈশব থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষের বেড়ে ওঠা, মহাভারত ও রবীন্দ্রনাথের সঙ্গে নিবিড় সখ্য, চলচ্চিত্রজগতে পদার্পণ, সময়ের সঙ্গে তাঁর ছবির বিষয় ও নির্মাণ-আঙ্গিকের বিবর্তন এবং শেষ জীবনে তাঁকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়, সেই দিকগুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।
এরপর ‘ঋতুর চলচ্চিত্র’ অংশে ঋতুপর্ণ ঘোষের নির্বাচিত সাতটি চলচ্চিত্র নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন লেখক। এই আলোচনাগুলোয় সেই ছবি নির্মাণের ইতিহাস থেকে শুরু করে ছবির অন্তর্গত রূপকসহ প্রতিটি বিষয় এমন সুনিপুণভাবে বর্ণনা করা হয়েছে যে অনেক ক্ষেত্রে ছবিগুলো আবার নতুন চোখে দেখার সুযোগ তৈরি হয়। ঋতুপর্ণ ঘোষের বাকি ১৩টি ছবি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা রয়েছে এ অংশের শেষে। চলচ্চিত্র নির্মাণ ছাড়াও তিনি আরও যেসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যেমন অভিনয়, উপস্থাপনা, তথ্যচিত্র নির্মাণ, পত্রিকা সম্পাদনা এবং তাঁর অনন্য আত্মজৈবনিক গদ্য ‘ফার্স্ট পার্সন’ নিয়ে আলোকপাত করা হয়েছে পরের অংশে।
প্রসঙ্গত বলে রাখি, বাংলা ভাষায় ঋতুপর্ণ ঘোষকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ এটি। তাঁর সব সৃষ্টির একটি শৃঙ্খলাবদ্ধ বিন্যাস এখানে দিতে চেয়েছেন লেখক। শ্রম ও নিষ্ঠার সঙ্গে বইজুড়ে লেখক যে কাজটা করতে চেয়েছেন, তা অনেকাংশেই সফল হয়েছে বলে মনে করি। কিছু তাত্ত্বিক আলোচনা কারও কারও কাছে কঠিন মনে হলেও সর্বোপরি যেকোনো চলচ্চিত্রপ্রেমী পাঠকের কাছে বইটি উপভোগ্য হবে। প্রথম বই হলেও লেখকের যে একনিষ্ঠতা ও পরিপক্বতার স্বাক্ষর এখানে পাওয়া যায়, তা আলাদা মুগ্ধতা জাগায়। দুই বাংলাতেই ঋতুপর্ণ ঘোষকে ঘিরে চর্চার ক্ষেত্রে এটি একটি আকর গ্রন্থ হবে বলে ধারণা করি।

বর্তমানের পুঁজিবাদী উন্নয়ন ধারা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং প্রকৃতির সঙ্গে শত্রুতা তৈরি করছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এই ধারা পরিবর্তন করে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে না পারলে মানবজাতির ভবিষ্যৎ বিপন্ন হবে।
৬ ঘণ্টা আগে
তিন বছর পর নতুন উপন্যাস নিয়ে ফিরছেন জাপানের বিশ্বখ্যাত লেখক হারুকি মুরাকামি। তাঁর নতুন বই ‘দ্য টেল অব কাহো’ (The Tale of KAHO) আগামী ৩ জুলাই জাপানে প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান শিঞ্চোশা। একই দিনে বইটির ই-বুক সংস্করণও বাজারে আসবে।
২ দিন আগে
স্বাগত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক লিলি ইসলাম বলেন, বিশ্বগ্রাসীর বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন রবীন্দ্রনাথ। সমাজে যখন অস্থিরতা, বিভ্রান্তি, অবক্ষয়ের দেখা দিয়েছে, তখনই সংস্কৃতি পথ দেখিয়েছে।
১৬ দিন আগে
সারথি থিয়েটারের ৩২ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী মিলন কান্তি দে পালা নাট্যোৎসবে পানু পাল নাট্যপদক পেলেন ড. রহমান রাজু। নাট্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু বাংলাদেশের অন্যতম থিয়েটার বিষয়ক...
২২ দিন আগে