
করোনা মহামারিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) কর্মরত স্বেচ্ছাসেবীদের জন্য বরাদ্দ আসা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নামে-বেনামে টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ স্বেচ্ছাসেবী কর্মীদের। তাঁরা টাকার দাবিতে আন্দোলনে নেমেছেন। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন।
স্বেচ্ছাসেবীরা জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জ শহরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেন প্রায় ৪০ কর্মী। তাঁদের কাজের মেয়াদ শেষ হয় ২০২৩ সালের নভেম্বরে। এর মধ্যে একেকজন একেক পরিমাণ মজুরি পেয়েছেন। তখন জানানো হয়েছে, বরাদ্দ এলে পুরো মজুরি বুঝিয়ে দেওয়া হবে। সম্প্রতি নথি প্রকাশ করার পরে দেখা গেছে, স্বাক্ষর জালিয়াতি করে নামে-বেনামে টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
আন্দোলনে নামা ১৬ কর্মীর অভিযোগ, তাঁদের স্বাক্ষর জাল করে তুলে নেওয়া টাকার পরিমাণ ২ লাখ ৭২ হাজার। এটা তাঁরা জানতে পেরেছেন। বাকি সিদ্ধিরগঞ্জ ও কদমরসূল অঞ্চলের কর্মীরা জানেনই না কী পরিমাণ টাকা তাঁদের নাম ব্যবহার করে লোপাট করা হয়েছে।
আন্দোলনকারীদের মাধ্যমে এই প্রতিবেদকের হাতে আসা কিছু নথিপত্রে দেখা গেছে, টাকা বণ্টনের শিটের কয়েকটি নাম ও পাতা একই। যেগুলো একাধিকবার ব্যবহার করে একাধিক ভাউচার বানানো হয়েছে। যাঁদের টাকা দেওয়া হয়েছে তাঁদের অনেককে চিনতে পারছেন না আন্দোলনকারীরা। এমনকি গ্রহীতার কোনো মোবাইল নম্বর রাখা হয়নি। ফলে যাঁদের নাম ও স্বাক্ষর দেখা যাচ্ছে, তাঁরা আসলেই টাকা পেয়েছেন কি না, তা প্রমাণের সুযোগ নেই।
স্বেচ্ছাসেবীদের অভিযোগ, এর সঙ্গে সরাসরি জড়িত মেডিকেল অফিসার মোস্তফা আলী এবং টিকাদান সুপারভাইজার হাফিজুর রহমান। কারণ, তাঁরা দুজনেই প্রতিটি ভাউচারে স্বাক্ষর করেছেন।
স্বেচ্ছাসেবী হিসেবে ৭৫৪ দিন কাজ করা আনোয়ার হোসেন বলেন, ‘আমাকে রসিদসহ ১৮ হাজার এবং একটি রেজিস্টার খাতায় সই নিয়ে ৪২ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু আমার কর্মদিবস অনুযায়ী ২ লাখ ৬০ হাজার টাকা প্রাপ্য। শুধু তা-ই নয়, সম্প্রতি হিসাবরক্ষণ বিভাগে দেওয়া খাতা চেক করে দেখতে পাই, আমার স্বাক্ষর নকল করে তুলে নেওয়া হয়েছে ৬ হাজার ৭৫০ টাকা। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না।’ আরেক স্বেচ্ছাসেবী নুসরাত জাহান সুনামের স্বাক্ষর জালিয়াতি করে ১৫ হাজার ৭৫০ টাকা এবং শাহাদাত হোসেন সিমনের নামে ১২ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
জানতে চাইলে মোস্তফা আলী বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা। আমাকে কৌশলে সরিয়ে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্র করা হচ্ছে।’ অভিযোগের বিষয়ে নাসিকের নির্বাহী কর্মকর্তা (সিও) জাকির হোসেন বলেন, ‘ইতিমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে আছি।’
যোগাযোগ করা হলে নাসিকের তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি আমার ডাক্তারদের বিশ্বাস করতাম। এক বছর আগে আমি ডা. মোস্তফার একটি ফাইলে গরমিল পাই। এরপরেই চলতি বছরের মার্চে তাকে সিটি করপোরেশন থেকে সরিয়ে বন্দর অঞ্চলে ট্রান্সফার করে দিই। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। করোনাকালের টাকা নয়ছয়ের অভিযোগ সাম্প্রতিক নয়, এক বছর আগে থেকে এ নিয়ে সমস্যা চলছে। সে যদি অন্যায় করে থাকে, তার অবশ্যই শাস্তি হওয়া উচিত।’

বৃষ্টিপাত কমে যাওয়া, জলাধার নষ্ট হওয়া এবং পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট বাড়ছে খুলনায়। জেলার কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় পানির স্তর ২০ ফুট নিচে নেমে গেছে। একদিকে প্রচণ্ড গরম, অপর দিকে খাবার পানির অভাবের কারণে সেখানকার মানুষদের নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
দূষণ বাড়ছে, নষ্ট হচ্ছে নদীর পরিবেশ। আর এতে মারা পড়ছে মাছ ও ডলফিন। এই চিত্র চট্টগ্রামের হালদার। হালদা নদীতে গত সাড়ে ছয় বছরে অন্তত ৫১টি ডলফিনের মৃত্যু হয়েছে। সাড়ে পাঁচ বছরে ২৫-৩০টি বড় কার্পজাতীয় মৃত মা মাছ উদ্ধারের রেকর্ড রয়েছে।
৫ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে জ্বর, ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোগীর চাপ বাড়ায় ৫০ শয্যার হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবা দিতে বেগ পেতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ইঞ্জিন সংকটে সিলেট রুটে পাঁচটি লোকাল ও ডেমু ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। জানা গেছে, সিলেট-ঢাকা, সিলেট- চট্টগ্রাম ও সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত সুরমা, জালালাবাদ ও কুশিয়ারা নামের তিনটি লোকাল ট্রেন চলত।
৬ ঘণ্টা আগে