এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় সেরা তিনে আছেন তিনি। বাংলাদেশি পেসারের দুর্দান্ত পারফরম্যান্সটা অবশ্য আর খুব বেশি দিন পাচ্ছে না তাঁর দল চেন্নাই সুপার কিংস।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মোস্তাফিজকে দেশে ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মে চেন্নাইয়ের হয়ে নিজের সর্বশেষ ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরবেন বাঁহাতি পেসার। পুরোনো ছন্দ ফিরে পাওয়ায় অনেকের ধারণা, জিম্বাবুয়ে সিরিজের বদলে ২৮ বছর বয়সী বাঁহাতি পেসারকে আইপিএলে খেলতে দিলেই বাংলাদেশের লাভ। টুর্নামেন্টে খেলতে আসা বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোচদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা এবং ম্যাচ খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে ভালো কাজে আসতে পারে।
বিসিবি অবশ্য এমনটা মানতে নারাজ। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, কোনো লাভ হতো না। আর আইপিএলে খেলে মোস্তাফিজের শেখার কিছু নেই। আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’
খেলার চেয়ে মোস্তাফিজের ফিটনেস নিয়ে বিসিবি ভাবছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘আমাদের চিন্তা হচ্ছে, মোস্তাফিজের স্বাস্থ্য। তার ফিটনেস। সেখানে তারা চাইবে, মোস্তাফিজের থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাদের আছে।’
দেশে ফিরিয়ে আনা হলেও যে মোস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচ খেলানো হবে না, তার ইঙ্গিতও দিয়েছেন জালাল ইউনুস। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘মোস্তাফিজকে ফেরানো শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না। এখানে আমরা তার ওয়ার্ক লোড ম্যানেজ করেই খেলাব। কিন্তু আইপিএল থাকলে সেটা হবে না।’
ফ্র্যাঞ্চাইজির চেয়ে জাতীয় দলের চাওয়াটাই যে বড়, সেটাও বুঝিয়ে দিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘মোস্তাফিজের জাতীয় দলের ব্যাপারটা আমরা দেখি। বুঝতে পারছি, তাদের মোস্তাফিজকে প্রয়োজন কিন্তু...জাতীয় দলের চাওয়া তো প্রথমে। আপনারা জানেন, ২০২১ সালে আমাদের দুজন ক্রিকেটার আইপিএল খেলে বিশ্বকাপে যোগ দিয়েছিল। তারা ওখানে ক্লান্তি অনুভব করেছিল। তারাও সেটি বলেছে। আমরা ও রকম পরিস্থিতি চাই না।’
সব সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো ২০ দলের কোনো বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী জুনে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই সতেজ মোস্তাফিজকে চায় বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘দলের সঙ্গে থাকলে বোঝাপড়া বাড়বে। একটা বিশ্বকাপ, বড় ইভেন্টে হতে যাচ্ছে, এর আগে ক্রিকেটারদের সঙ্গে যাতে থাকতে পারে, যেতে পারে। কারণ, মে মাসেই কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি। তাকে তো সেখানে মানিয়ে নিতে হবে। যাওয়ার আগে তো তার ফিট থাকতে হবে। শারীরিকভাবে ফিট থাকতে হবে। ক্লান্তি নিয়ে গেলে সে তো ডেলিভার করতে পারবে না। তাহলে আমার কী দরকার? আমাকে তার প্রয়োজন। সতেজ মোস্তাফিজ চাই। ক্লান্ত মোস্তাফিজকে চাই না।’

ভেঙে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান জানিয়েছেন এই তথ্য। তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। এই কমিটিতে পাঁচজন চট্টগ্রামের, তিন জন মন্ত্রীর ছেলে।
২২ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) প্রাধান্য দেওয়ার কারণে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)—সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন কেভিন পিটারসেন। সাবেক ইংলিশ অধিনায়কের এমন মন্তব্যের পর ইসিবিকে ধুয়ে দিলেন আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদি।
২ ঘণ্টা আগে
বিসিবির গঠনতন্ত্রের ৯.৩.৩ ধারায় লেখা আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণকারী প্রাক্তন খেলোয়াড়বৃন্দের মধ্য থেকে ১০ জনকে কাউন্সিলর হিসেবে মনোনীত করতে পারবে।
২ ঘণ্টা আগে
সকালে পূর্বাচল ক্রিকেট মাঠ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলটসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। সেখানে বুলবুল তাঁর অনেক কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব তছনছ হয়ে গেল।
২ ঘণ্টা আগে