বাংলাদেশের সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা আছে কলকাতার মডেল ও অভিনেত্রী দর্শনা বণিকের। আসছে ঈদেও বাংলাদেশের দর্শকের জন্য নতুন কাজ উপহার দিচ্ছেন এ অভিনেত্রী। দুই মাধ্যমে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে দর্শনার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, অন্যদিকে রাশেদ রাহার ‘কলকাতা ডায়েরিজ’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমার প্রচারে বাংলাদেশে আসবেন দর্শনা।
থ্রিলার গল্পে নির্মিত ওমর সিনেমায় ‘ভাইরাল বেবি’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করেছেন দর্শনা। জনি হকের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও ভারতের ঈশান মিত্র। সুর ও সংগীতায়োজন করেছেন স্যাভি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগ পর্যন্ত গানটি নিয়ে কথা বলতে চান না দর্শনা। তবে জানালেন ওমর সিনেমায় তাঁর উপস্থিতি দর্শকের জন্য চমক। আজকের পত্রিকাকে দর্শনা বলেন, ‘ওমর সিনেমায় আমার চরিত্রটি একটা চমক। এটা ঈদের সময় হলে গিয়েই দর্শককে দেখতে হবে।’
কাজ করার অভিজ্ঞতা জানিয়ে দর্শনা বলেন, ‘এই প্রথমবার শরিফুল রাজের সঙ্গে কাজ করা হলো। প্রচণ্ড ডেডিকেশন আছে ওর মধ্যে। সে খুব ভালো অভিনেতা। স্ক্রিনে তার সঙ্গে আমার রসায়ন দর্শক পছন্দ করবে।’
অন্যদিকে, কলকাতা ডায়েরিজ সিনেমায় দর্শনার সঙ্গে আছেন শ্রীলেখা মিত্র ও বাংলাদেশের সিফাত আমিন। গল্পে দেখা যাবে, শ্রীলেখা একজন সফল উদ্যোক্তা। যে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে অভিনয় করেছেন দর্শনা বণিক। দর্শনা বলেন, ‘কলকাতা ডায়েরিজ সিনেমায় আমার চরিত্রটি আজকালের মেয়েদের মতোই। হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা’ সিনেমায় অ্যান হ্যাথাওয়ের চরিত্রের সঙ্গে আমার চরিত্রটির মিল খুঁজে পেয়েছি। শ্রীলেখাদির চরিত্রটি বেশ শক্তিশালী। অন্যদিকে এটি সিফাত আমিনের প্রথম ওয়েব সিনেমা। সে খুব ভালো করার চেষ্টা করেছে।’
ঈদে কলকাতা ডায়েরিজ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাশেদ রাহা। তিনি জানিয়েছেন, ঈদ উপলক্ষে বায়োস্কোপে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ওয়েব সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।
ঈদের সময় দুটি সিনেমা মুক্তি প্রসঙ্গে দর্শনা বলেন, ‘বাংলাদেশ আমার খুব কাছের। সেখানে ঈদের মতো উৎসবে আমার দুটি কাজ আসছে। আমি ভীষণ একসাইটেড। দুটি কাজ একেবারে ভিন্ন রকম। কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। আমাকে দুই ধরনের চরিত্র ও লুকে পাবে দর্শক। আশা করছি ভালো লাগবে সবার। প্রচার উপলক্ষে বাংলাদেশে যাওয়ার কথা আছে। ভিসা পেয়ে গেলেই তারিখ জানাতে পারব।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫