
রাজধানীর মাদানি সড়কের শেষ প্রান্তে নির্মাণাধীন একটি ভবন। বেসমেন্ট ও প্রথম তলার কাজ সম্পন্ন হয়েছে, ওপরের তলাগুলোর কাজ চলেছে। সেখানে বড় করে লেখা আছে ‘ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল’।
স্বাস্থ্য অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নামে কোনো প্রতিষ্ঠানের নাম তাদের জানা নেই। এই নামে কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন নেই। এমনকি আজ পর্যন্ত এই নামের কোনো প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদনও করেনি। অথচ গত ৩০ ডিসেম্বর এই অনুমোদনহীন হাসপাতালেই সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যু হয়েছে।
নিবন্ধন ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা সম্পর্কে জানতে চাইলে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের পরিচালক ডা. মাহবুব আজকের পত্রিকাকে বলেন, এসব বিষয়ে তিনি বলতে পারবেন না। হাসপাতালের অ্যাডমিন শাখায় কথা বলতে হবে।
হাসপাতালের অপারেশন অ্যান্ড অ্যাডমিন শাখার জেনারেল ম্যানেজার লে. কর্নেল বশির আহমেদের (অব.) কাছে এ বিষয়ে জানতে চাইলে এসব বিষয়ে তিনি জানেন না বলে জানান। কে জানেন, জানতে চাইলে তিনি অফিসে দেখা করতে বলেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ বলেন, ‘মেডিকেল কলেজের অনুমোদন রয়েছে। তবে হাসপাতালটির অনুমোদন আছে কি না, আমার জানা নেই।’ তবে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা থেকে আজকের পত্রিকাকে নিশ্চিত করা হয়েছে, ওই হাসপাতালের নিবন্ধনের জন্য কোনো আবেদনই করা হয়নি।
আয়ানের বাবার মামলা
আয়ানের মৃত্যুর ঘটনায় গতকাল রাজধানীর বাড্ডা থানায় মামলা করেছেন তার বাবা মো. শামীম আহমেদ। এতে আসামি করা হয় ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যানেসথেসিয়া স্পেশালিস্ট চিকিৎসক সাইদ সাব্বির আহম্মেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাসনুভা মাহজাবিন, ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অজ্ঞাতনামা পরিচালক, চিকিৎসক ও অজ্ঞাতনামা কর্মকর্তা-কর্মচারীকে।
মামলায় শামীম আহমেদ উল্লেখ করেন, ৩০ ডিসেম্বর ছেলে আয়ান আহমেদের সুন্নতে খতনার জন্য ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা করে পরদিন সকালে ছেলেকে অপারেশনে নেওয়া হয়।
অপারেশন রুমে নেওয়ার পর ৩০ থেকে ৪০ জন ইন্টার্ন চিকিৎসক ওটি ড্রেস পরে সেখানে প্রবেশ করেন। এক ঘণ্টা পর তাঁরা বের হন। এর কিছুক্ষণ পর হাসপাতালের কয়েকজন চিকিৎসক হন্তদন্ত হয়ে অপারেশন রুমে প্রবেশ করেন। এতে আয়ানের বাবার সন্দেহ হলে অপারেশন রুমে প্রবেশ করে দেখেন, আয়ানের বুকে চাপাচাপি করছেন তাঁরা। পরে অনুমতি ছাড়াই শিশুটির বুকের দুই পাশে ফুটা করে টিউব স্থাপন করেন। এতে কোনো কাজ না হওয়ায় হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শামীম ছেলেকে উন্নত চিকিৎসায় অন্য হাসপাতালে নিতে চাইলেও তারা অনুমতি দেয়নি। এমনকি তার চিকিৎসা ও ওষুধ বিষয়েও কোনো তথ্য জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ৫ লাখ ৭৭ হাজার টাকার চিকিৎসা বিল করে ইউনাইটেড হাসপাতাল।
ঘটনার বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা হয়েছে। আমরা তদন্ত করছি। যেহেতু চিকিৎসাধীন বিষয়, আমরা বিশেষজ্ঞ মতামত নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
হাইকোর্টে রিট
আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে গতকাল হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি আয়ানের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
আয়ানের মৃত্যুর ঘটনায় সোমবার এক আদেশনামা জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তাতে বলা হয়েছে, সুন্নতে খতনার ঘটনায় পরিবারের বিনা অনুমতিতে ভুক্তভোগী শিশুর পুরো শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ ও শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। চিকিৎসকের অবহেলা বা ভুল চিকিৎসার কারণে কারও মৃত্যু বা অন্য কোনো ধরনের ক্ষতি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে কমিশন।
আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ সদস্যের কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে মৃত্যুর সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫