পাঁচতলা দালানটিতে রুম আছে প্রায় ১০০। সেখানে বাস করে ১৯৯ জন। বিস্ময়কর ব্যাপার হলো, এরা সবাই একই পরিবারের সদস্য।
ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামের বাকতাওয়াং গ্রামটিতে এই পরিবারের বাস। অনেকের মতে পৃথিবীর সবচেয়ে বড় পরিবার এটি। তারা সবাই মিলেমিশে থাকে একটি বাড়িতে। বিশাল পরিবারটির কর্তা ছিলেন জিওনা চানা। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস-সংক্রান্ত জটিলতার কারণে ২০২১ সালে ৭৬ বছর বয়সে মারা যান জিওনা চানা। তবে তাঁর তৈরি করা অসাধারণ পারিবারিক কাঠামো রয়ে গেছে এখনো।
জাওনা মৃত্যুর সময় ৩৮ জন স্ত্রী রেখে যান। এই স্ত্রীদের ঘরে ৮৯ জন সন্তান আছে। এ ছাড়া এই সন্তানদের স্বামী-স্ত্রী এবং তাঁদের ঘরে হওয়া নাতি-নাতনি তো আছেই। বুঝতেই পারছেন, এখনো বাড়ছে পরিবারটির সদস্যসংখ্যা।
পরিবারটি জিওনার তৈরি করা বাড়িতেই একসঙ্গে বসবাস করে চলেছে। গ্রামটির অবস্থান বেশ প্রত্যন্ত এলাকায়। তবে পাঁচতলা এক দালানে বসবাস করা এই পরিবারের কারণে গ্রামটি পর্যটকদের বেশ পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে।
জিওনা চানা ‘চানা’ নামের একটি স্বতন্ত্র মতবিশ্বাসের সম্প্রদায়ের সদস্য ছিলেন। ১৯৪২ সালে জিওনার বাবা এটি প্রতিষ্ঠা করেন। কয়েক শ পরিবার এর সদস্য।
জিওনা প্রথম বিয়ে করেন ১৭ বছর বয়সে। বলা হয়, কোনো এক বছরে ১০ জন নারীকে বিয়ে করেছিলেন তিনি।
মজার ঘটনা, পরিবারটির এই বিশাল আকারের পরও ২০১১ সালের বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জিওনা বলেছিলেন, পরিবারটিকে আরও বড় করতে চান তিনি। আরও বিয়ে করতেও ইচ্ছুক।
জিওনা তখন বলেন, ‘আমার যত্ন নেওয়ার এবং দেখাশোনা করার জন্য অনেক লোক রয়েছে। নিজেকে একজন ভাগ্যবান মানুষ বলে মনে করি।’
পরিবারের সদস্যরা যখন দিনে দুবার খাওয়ার জন্য জড়ো হন, এমন একটি দৃশ্যের সৃষ্টি হয়, যা পরিবারের ডাইনিং রুমের চেয়ে ব্যস্ত ক্যানটিন কিংবা কোনো হোস্টেলের ডাইনিংয়ের মতো দেখায়।
পরিবারের সদস্যরা জিওনা চানার ইচ্ছাকে সম্মান জানিয়ে একসঙ্গে বসবাস করতে চান। তার পরও অনেক কিছু বদলে যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জিওনার এক ছেলে রেকর্ড জানান, তিনি তাঁর বাবার মতো নন, বরং সাধারণ একজন মানুষ। তাঁর একাধিক স্ত্রীও থাকার সুযোগ নেই।
এদিকে পরিবারের সদস্যদের উন্নত শিক্ষার জন্য সন্তানদের অন্য কোথাও পাঠানোতেও আপত্তি নেই এখন। বর্তমানে ক্রমবর্ধমান পরিবারের সদস্যদের জন্য গ্রামে আরেকটি বাড়ি তৈরি করা হচ্ছে।
এমনকি মৃত্যুর প্রায় দুই বছর পরেও জিওনার প্রভাব তাঁর সম্প্রদায়ের মানুষের মধ্যে চোখে পড়ে। তাঁর ছবি ও আঁকা প্রতিকৃতি এখনো বাড়ির বিভিন্ন জায়গায় শোভা পায়।
১৯৯ জন সদস্যের একটি পরিবার একসঙ্গে থাকা, তাদের খাওয়া-পড়া ও পোশাকের ব্যবস্থা করা কিংবা অন্যান্য প্রয়োজন মেটানো চাট্টিখানি কথা নয়। সৌভাগ্যবশত প্রত্যেকেই কাজ করেন। কেউ পারিবারিক পাঁচটি শূকরের খোঁয়াড়ের একটিতে সময় দেন। কেউ খেতে বিভিন্ন ফসল রোপণ করেন, কেউ আবার পরিবারের চারটি কাঠের আসবাবের কোনো দোকানে কিংবা অ্যালুমিনিয়াম ওয়ার্কশপে কাজ করেন।
প্রতিদিনের দুটি খাবারের আয়োজনকে বিশাল এক কর্মযজ্ঞ বলা যায়। কারণ এতে কমপক্ষে ৮০ কেজি চাল এবং অন্যান্য অনেক উপাদানের পাশাপাশি জোগাড়যন্ত্রের প্রয়োজন হয়। অবশ্য এই কাজগুলোও সবাই ভাগ করা নেওয়ায় কোনো জটিলতা তৈরি হয় না।
‘মানুষ হিসেবে আমরা সবাই বিভিন্ন ঝুটঝামেলা ও কঠিন সময়ের মুখোমুখি হই। তবে আমাদের বড় পরিবারটিতে সবাই একে অপরকে সহযোগিতা করায় অনেক ইতিবাচক দিকই রয়েছে।’ বলেন জিওনার পুত্রবধূদের একজন, ‘যখন আমরা অসুস্থ হই, একে অপরকে সাহায্য করি।’
জিওনার বড় ছেলে নুনপারলিয়ানা সচেতন যে পরিবারটির বহুবিবাহের রীতি তাঁর মৃত্যুর মাধ্যমেই শেষ হয়ে যেতে পারে। তাঁর দুই স্ত্রী রয়েছেন। তবে তিনি আশাবাদী, পরিবারটি আরও বহু বছর একতাবদ্ধ থাকবে।
সূত্র: এনডিটিভি, অডিটি সেন্ট্রাল, দ্য স্ট্রেইটস টাইমস

ইউরোপে অদ্ভুত এই চুরির ঘটনায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। গয়না বা টাকা নয়, এবার চুরি হয়েছে বিপুল পরিমাণ চকলেট। গত সপ্তাহে ইতালির একটি উৎপাদন কেন্দ্র থেকে পোল্যান্ডের উদ্দেশে রওনা হওয়া একটি ট্রাক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ট্রাকটিতে ছিল প্রায় ১২ টন ওজনের ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার।
৬ ঘণ্টা আগে
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের অংশগ্রহণে আগামী ১১ জুন মেক্সিকো সিটির স্টেডিয়ামে পর্দা উঠবে এই আসরের। এরপর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে।
১৭ ঘণ্টা আগে
ইতালিতে এক ভিন্নধর্মী ‘স্পাইডার-ম্যান’ এখন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি কোনো সিনেমার চরিত্র নন, বরং বাস্তব জীবনের এক মানবিক নায়ক। ৩২ বছর বয়সী ম্যাটিয়া ভিলারদিতা পেশায় একজন ডক শ্রমিক। তবে অবসর সময়ে তিনি স্পাইডার-ম্যানের পোশাক পরে অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটান।
১ দিন আগে
শিশুদের খেলনার মধ্যে গাড়ি থাকবেই। বাইক, জিপ, প্রাইভেট কার, রেসিং কার, ট্রাক—একেক শিশুর পছন্দের তালিকায় থাকে একেক গাড়ি। তবে এসবের সবগুলোই কিন্তু খেলনা। তবে চীনের এক শিশু এই খেলনা গাড়ির গণ্ডি পেরিয়ে আসল গাড়িতে মজেছে এক বছর বয়সেই। আর সাত বছর বয়সের মধ্যেই হয়ে গেছে পেশাদার কার রেসার।
২ দিন আগে